সময় বাড়িয়েও সাড়া পাওয়া যাচ্ছে না চালকলমালিকদের
বরিশাল অঞ্চলে চাল সংগ্রহের লক্ষ্য অর্জনে সংশয়
বরিশাল বিভাগে এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। সংগ্রহের সময় ১৫ দিন বাড়ানো হলেও তালিকাভুক্ত চালকলের মালিকেরা চাল দিতে গড়িমসি করছেন।
কয়েকজন মালিক বলেন, দেরিতে সংগ্রহ অভিযান শুরু করা এবং বাজারে মোটা চালের দাম বাড়ায় তাঁরা চাল দিতে পারছেন না। এখন চাল দিতে গেলে তাঁদের লোকসানের মুখে পড়তে হবে।
খাদ্য বিভাগের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, গত ৫ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ধান সংগ্রহের সময়সীমা ঘোষণা করা হয়। উত্তরবঙ্গ থেকে বেশি ধান কিনে সরকারের লক্ষ্যমাত্রা আগেভাগে অর্জিত হওয়ায় ২৬ জুলাই ধান সংগ্রহ বন্ধ করা হয়। এ জন্য বরিশাল অঞ্চল থেকে ১৬ হাজার ২১৪ মেট্রিক টনের স্থলে ১১ হাজার ১৯৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। ধান কেনা বন্ধের দিন থেকেই শুরু হয় চাল সংগ্রহ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় চাল সংগ্রহ না হওয়ায় তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বরিশাল আঞ্চলিক খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক সোহাগ মিয়া প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে এবার ১৬ হাজার ২৪০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে পটুয়াখালীতে ৫ হাজার ২৫১, ভোলায় ৩ হাজার ৫৩৪, বরিশালে ২ হাজার ৭২৩, ঝালকাঠিতে ২ হাজার ৬৯৮, বরগুনায় ১ হাজার ৭৮৭ ও পিরোজপুরে ২৪৭ মেট্রিক টন চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়। এ জন্য বিভাগের ১১৪টি চালকলের মধ্যে লাইসেন্সধারী সাতটি অটো কল ও ৩৬টি হাসকিং কলসহ ৪৩টি চালকলের মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে।
সোহাগ মিয়া বলেন, আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাজারে চালের দর বাড়তে থাকায় চুক্তিবদ্ধ চালকল মালিকেরা চাল সরবরাহ কমিয়ে দেন। এতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১১ হাজার ৪৮৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা গেছে। এর মধ্যে বরগুনায় ১ হাজার ১৮০, ঝালকাঠিতে ২ হাজার ৭৩৮ দশমিক ২৩, ভোলায় ২ হাজার ১৪০, পটুয়াখালীতে ৩৯৬ ও পিরোজপুর থেকে ৪২ মেট্রিক টনসহ প্রায় ১১ হাজার মেট্রিক টনের কিছু বেশি চাল সংগ্রহ করা হয়েছে।
বরগুনা জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলেন, জেলায় ১ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল সংগ্রহের কথা থাকলেও পাওয়া গেছে ৭৯০ মেট্রিক টন। সদর উপজেলায় ২৯৬ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য চারজন চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হলেও তাঁরা এক কেজি চালও দেননি।
সদর উপজেলার ফরাজী রাইস মিলের মালিক মনির হোসেন বলেন, স্থানীয় কতিপয় ব্যক্তির ঝামেলার কারণে ও বাজারে চালের মূল্য বেড়ে যাওয়ায় তাঁরা চাল দিতে পারেননি।
ঝালকাঠির সুগন্ধা অটো রাইস মিলের মালিক জিল্লুর রহমান বলেন, সরকার বিগত বছরগুলোয় আগে চাল পরে ধান ক্রয় করত। এ বছরই আগে ধান কেনার পর এখন চাল সংগ্রহ করা হচ্ছে। এভাবে ধানের সংকট থেকে বাজারদর বাড়ায় চাল তৈরিতে এর প্রভাব পড়েছে। সরকার দেরি করে চাল কেনা শুরু করেছে। এখন বাজারে মোটা চলের কেজি ৩৩ টাকা হওয়ায় লোকসান গুনতে হয় বলে, বিশেষ করে ক্ষুদ্র মিল মালিকেরা চাল দিতে গড়িমসি করছেন। তিনি বলেন, সরকারি খাদ্যগুদামে চাল দেবেন বলে আগে থেকেই ধান সংগ্রহ করেছিলেন। এ জন্য তিনি নলছিটি উপজেলার কোটায় পাওয়া প্রথম চুক্তির ১ হাজার ৭০ মেট্রিক টন চাল যথাসময়ে সরবরাহ করেছেন। এখন পিরোজপুরে সরবরাহ কম হওয়ায় এবং অন্য মিল মালিকেরা চুক্তি অনুযায়ী চাল দিতে না পারায় দ্বিতীয়বারে ১ হাজার ৩৬২ মেট্রিক টন চাল সরবরাহের আদেশ পেয়েছেন।
বরিশাল অঞ্চলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আগেই বন্ধ করার বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন বলেন, বরিশাল অঞ্চলে বোরো ধান কম হয়। রাজশাহী ও রংপুর শস্যভান্ডার হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে এই অঞ্চলের বাকি থাকা ৫ হাজার ১৯ মেট্রিক টন ধান ওই অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। উৎপাদন ও চালকলের সংখ্যার ওপর নির্ভর করে চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয় বলে বরিশাল অঞ্চল পিছিয়ে পড়ে।
চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, ‘সময় বাড়ানোয় আমরা চেষ্টা করছি চুক্তি করা মিল অথবা এই অঞ্চলের অটো রাইস মিল থেকে কাঙ্ক্ষিত চাল সংগ্রহ করতে। তবে যেসব চুক্তিবদ্ধ মিল মালিক এবার চাল সরবরাহে গাফিলতি করবেন, পরে তাঁদের সরকারি গুদামে ধান-চাল সরবরাহের সুযোগ দেওয়া হবে না।’