বরিশাল আদালতের ছয় পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমনকে গত বুধবার কারাগারে পাঠানো হয়। দুই ঘণ্টা পর অবশ্য জামিন পান তিনি (প্রথম আলোর ফাইল ছবি)
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমনকে গত বুধবার কারাগারে পাঠানো হয়। দুই ঘণ্টা পর অবশ্য জামিন পান তিনি (প্রথম আলোর ফাইল ছবি)

বরিশাল আদালত পুলিশের ছয় সদস্যকে গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে কারাগারে পাঠানোর ঘটনায় ওই পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

তবে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মুখপাত্র সহকারী কমিশনার মো. নাছির উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে তাঁদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, আদালতে মেট্রোপলিটন গারদের ইনচার্জ উপপরিদর্শক নৃপেন দাস, এটিএসআই শচীন মন্ডল ও মাহাবুল, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন, হানিফ ও সুখেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. নাছির উদ্দিন প্রথম আলোকে জানান, পুলিশ কমিশনারের নির্দেশে ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন প্রথম আলোকে বলেন, আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমনের সঙ্গে কোনো বাড়াবাড়ি হয়েছে কি না সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশেই ওই ছয় পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়। মহানগর পুলিশের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হবে। এ ব্যাপারে পুলিশের বাড়াবাড়ি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

‘বিকৃত’ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ (বর্তমানে সাময়িক বহিষ্কৃত) ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে মামলা করেন। তিনি তখন আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারিক সালমন। আদালত প্রথমে তা নামঞ্জুর করেন। পুলিশ ইউএনওর দুই হাত শক্ত করে ধরে আদালতের হাজতখানায় নেয়। অবশ্য দুই ঘণ্টা পর ইউএনওর জামিন মঞ্জুর করা হয়।