বরিশাল আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের উদ্বোধন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল আধুনিক নৌবন্দর নির্মাণকাজের উদ্বোধন করেছেন। এর আগে এক সমাবেশে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার কারণে বরিশাল আধুনিক নৌবন্দর স্থাপনের কাজ ফাইলবন্দী ছিল। বাংলাদেশের সার্বিক উন্নয়ন ঘটাতে হলে নৌপথের উন্নয়ন করতে হবে, নদীপথ পুনরুদ্ধার করতে হবে। বরিশাল আধুনিক নৌবন্দরের কাজ শুরু হয়েছে। শিগগিরই বরিশালে মেরিন একাডেমি নির্মাণ করা হবে।’নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ, সাংসদ তালুকদার মো. ইউনুস, মনিরুল ইসলাম, নৌপরিবহন-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম কিবরিয়া, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, অভ্যন্তরীণ নৌযাত্রী পরিবহন সমিতির সভাপতি মাহবুবউদ্দিন আহম্মেদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, গত ৫০ বছরে বরিশাল নৌবন্দরের উন্নয়ন হয়নি। বরং বরিশাল থেকে নৌ-কারখানা ও সদর দপ্তর ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর বরিশালে প্রতিবছর দুই কোটি ২৬ লাখ যাত্রী চলাচল এবং ১৮ লাখ টন মালামাল ওঠানামা করলেও বন্দরটি দীর্ঘদিন অবহেলিত ছিল। বরিশালবাসীর পক্ষে সিটি মেয়র ও সাংসদেরা বরিশালে মেরিন একাডেমী, নৌ-কারখানা চালু এবং অবিলম্বে সদর দপ্তর বরিশালে স্থাপন করার জোর দাবি জানান।