বরিশাল আধুনিক নৌবন্দরের কাজের উদ্বোধন কাল
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে বরিশাল আধুনিক নৌবন্দর নির্মাণের কাজ। আধুনিক নৌবন্দর নির্মাণের দাবিতে বরিশালের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। সেই আন্দোলনের ফসল হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় বরিশালে আধুনিক নৌবন্দর নির্মাণের প্রকল্প হাতে নেয়। আগামীকাল বৃহস্পতিবার এ কাজের উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।বরিশাল বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ১৯৬০ সালের ৯ সেপ্টেম্বর সরকারি গেজেটের মাধ্যমে ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা ও টঙ্গীতে নৌবন্দর করার ঘোষণা দেয় তত্কালীন সরকার। মাত্র দুটি পন্টুন দিয়ে যাত্রা শুরু করা এ নৌবন্দরগুলোর মধ্যে বরিশালকে বাদ দিয়ে বাকিগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়। আশির দশকে বরিশাল নৌবন্দর উন্নয়নের লক্ষ্যে শুরু হয় ব্যাপক আন্দোলন, সভা ও সমাবেশ। পরে নৌবন্দর কর্তৃপক্ষ ২০০৪-০৫ অর্থবছরে ৪২ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌবন্দরের একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠায়। পরে কয়েক দফা সংযোজন-বিয়োজনের পর ১৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে প্রকল্প অনুমোদন দেয় পরিকল্পনা মন্ত্রণালয়। ওই বরাদ্দেই নির্মিত হতে যাচ্ছে নৌবন্দরের প্রথম পর্যায়ের কাজ। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা কে এম আরিফ উদ্দিন বলেন, ১৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের জুন মাস পর্যন্ত।