বরিশাল ইলিশ মোকাম অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফের দাম নিয়ে আড়তদার ও বরফকল মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জের ধরে বরিশালের ইলিশ মোকামে অচলাবস্থা দেখা দিয়েছে। গতকাল সোমবার থেকে মৎস্য আড়তদার, পাইকার, শ্রমিক ও বরফভাঙা কল মালিকেরা ইলিশ মোকামে বরফকল মালিকদের কাছে বরফ কেনা বন্ধ করে দিয়েছে।বরিশাল ইলিশ মোকামের মৎস্য পাইকার সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ জানান, তাঁরা বরফ না পেলে মোকামে ইলিশ নিয়ে জেলেরা এলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সোমবার থেকে জেলেদের মোকামে ইলিশ আনতে নিষেধ করে দেওয়া হয়েছে। মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নীরব হোসেন জানান, বরফ না পেলে মোকামে মজুদ দু-তিন হাজার মণ ইলিশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।মৎস্য শ্রমিক সমিতি, আড়তদার সমিতি ও বরফভাঙা কল মালিক সমিতির অভিযোগ, মোকামে যে পরিমাণ বরফ প্রয়োজন, তার মাত্র ৩৫ ভাগ উৎপাদন করে বেশি দামে বিক্রি করছে বরফকল মালিক সমিতি। কম দামে খুলনা থেকে বরফ এনে মোকাম চালু রাখার চেষ্টা করলে বরফকল মালিক সমিতি তাদের হত্যার হুমকি দিচ্ছে।তবে বরফকল মালিক সমিতি এ অভিযোগ অস্বীকার করে জানায়, প্রয়োজনমতো তারা বরফ উৎপাদন করছে। প্রায় ৬০ লাখ টাকা পাওনা থাকার পরও ওই তিন সমিতি পুনরায় বাকিতে বরফ নিতে চায়। বরফ দিতে না চাইলে তারা এসব অভিযোগ করছে।বরফভাঙা কল মালিক হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, খুলনা থেকে বরফ আনলে ক্যানপ্রতি ১০০ টাকা খরচ হয়, কিন্তু বরিশাল থেকে সেই বরফ কিনতে খরচ পড়ে ১৫৭ টাকা। তাই খুলনা থেকে এক গাড়ি বরফ আনা হয়েছে। এতে ক্ষিপ্ত হয় বরফকল মালিক সমিতি। বরফকল মালিক কামাল খান গত রোববার তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এর পর থেকে তাঁরা বরফ ভাঙা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে কামাল খান বলেন, ‘হারুনের কাছে তিন লাখ টাকা বকেয়া রয়েছে। ওই টাকা পরিশোধ করার কথা বললে তিনি এই নাটক সাজিয়েছেন।’ এদিকে হারুন অর রশিদকে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে আড়তদার, শ্রমিক, পাইকার ও বরফভাঙা কল মালিকেরা রোববার রাতে পোর্ট রোডে তাঁদের কার্যালয়ে এক জরুরি সভা করে। এতে বরফকল মালিকদের সিন্ডিকেট ভেঙে না দেওয়া হলে তাঁরা বরফকল মালিকদের কাছ থেকে বরফ ক্রয় না করার ঘোষণা দেন। বরিশাল বরফকল মালিক সমিতির ব্যবস্থাপক গোলাম কবির প্রথম আলোকে বলেন, বরফকল টিকিয়ে রাখার স্বার্থে সমিতি প্রথা চালু করা হয়েছে। এখনো দেশের অন্যান্য স্থানের চেয়ে বরিশালে বরফের দাম কম বলে দাবি করেন তিনি।