বরিশাল উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশ
বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনে আপিল শুনানির রায়ে তথ্য ফাঁসের অভিযোগে বরিশালের রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাজাহানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক স্বাক্ষরিত আদেশে ওই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এক শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত ত্রুটি থাকায় বরিশাল সদর আসনের রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাজাহান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের প্রার্থিতা বাতিল করেন। এর বিরুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম নির্বাচন কমিশনে আপিল করেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক স্বাক্ষরিত গতকাল মঙ্গলবারের আপিল শুনানির আদেশে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র ও কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কাছেই থাকবে। কিন্তু এ ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইকালে দেখা গেছে, বেগম জেবুন্নেছা আফরোজ একটি মুদ্রিত আপত্তি দরখাস্ত রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন। যাতে প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের এক-শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত বিশেষ ক্রমিকে ত্রুটি রয়েছে। এ তথ্য আগেভাগে জেবুন্নেছা আফরোজের কাছে ফাঁস করা না হলে এমনটি হওয়ার কথা নয়। তা ছাড়া রিটার্নিং কর্মকর্তা একজন প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদানের প্রয়াস নিয়েছেন। এ জন্য তাঁকে সংশ্লিষ্ট নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে বহাল না রাখাই সমীচীন।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহান প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো আদেশের কপি আমি হাতে পাইনি। যদি এ রকম কোনো আদেশ হয়ে থাকে, তা হলে আদেশ অনুযায়ী যা হওয়ার তা-ই হবে।’