বরিশাল ও কলাপাড়ায় টর্নেডো বাড়িঘর লন্ডভন্ড, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কয়েকটি উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে টর্নেডোর আঘাতে কয়েক শ বাড়িঘর, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া টর্নেডোয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। আহত হয়েছে ওই গ্রামের ১৫ জন।জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে বরিশাল সদরসহ কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কয়েক মিনিটের টর্নেডো। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলায়।উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুড়িয়া, হরিদ্রাপুর ও ডহরপাড়া; উজিরপুর সদর ইউনিয়নের বালিয়াকান্দী, রাখালতলা, রৈভদ্রাদী, মাহার, শাকরাল, পরমানন্দ সাহা, কালীর বাজার, তেরদ্রোন ও সংগরপুর; বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া এবং মুলাদী উপজেলার মুলাদী সদর, নাজিরপুর ও বাটামারা এবং সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা, মুকুন্দপট্টি, উলাল বাটনাসহ বেশ কিছু গ্রাম টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। প্রাথমিকভাবে সেসব জায়গা থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বাবুগঞ্জের সন্ধ্যা নদীতে নৌকা ডুবে হানিফ মল্লিক (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। এসব উপজেলায় কয়েক শ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। সড়কের ওপরে গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ-উর রহমান জানান, টর্নেডোয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে গতকাল সকাল সাতটার দিকে টর্নেডোর আঘাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের অধিকাংশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে গুরুতর আহত লিজা ও মুক্তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গ্রামের ইদ্রিস গাজী, মতলেব দপ্তরী, আবদুল মন্নান, চান মিয়া মুন্সী, কুদ্দুস মাঝি, সানু ফকির, মনির মীর, দেলোয়ার তালুকদার, বাদশা মিয়া, ইউনুস মিয়াসহ আরও কয়েকজনের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের বাসিন্দা দেলোয়ার তালুকদার বলেন, ‘সকালে বর্ষা হইতে আছিল। এর মধ্যে হঠাৎ কইর‌্যা দৈত্যের মত মোগো সব কিছু উড়াইয়া লইয়া গ্যালে। কিছু বোঝতেও পারি নাই।’ এতে তাঁর দুই মেয়ে লিজা (২৫) ও মুক্তা (১৮) গুরুতর আহত হন। চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান ফকির জানান, টর্নেডোর আঘাতে অন্তত ২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।