বরিশাল ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
বরিশালের উজিরপুরে গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস ও টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে টেম্পোচালক গুরুতর আহত হন। একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার হালসা-ঝাউদিয়া সড়কে ট্রলিচাপায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে দুই শিশু আহত হয়।
উজিপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশালের বানারীপাড়ায় যাওয়ার পথে বরিশাল-বানারীপাড়া সড়কে উজিরপুরের নারায়ণপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর (মাহিন্দ্র) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পোর তিন যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন বরিশাল কাস্টমস কার্যালয়ের সিপাহী মো. আওলাদ (৪২), পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী গ্রামের মো. হান্নান (৩০) ও অজ্ঞাত এক ব্যক্তি (৩৫)। এতে টেম্পোর চালক মো. জসীম সরদার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন ওই সড়ক অবরোধ করে রাখলে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠী পথে ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে বরিশাল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত সরকার ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, আহত জসীমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক হলেও চালক পলাতক। এ ঘটনায় মামলা হয়েছে।
কুষ্টিয়ার পাটিকাবাড়ি ক্যাম্পের পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পথে গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার হালসা-ঝাউদিয়া সড়কের পাটিকাবাড়ি চাষি ক্লাবের সামনে মাটিবোঝাই ট্রলিচাপায় আকাশ আহমেদ (৭) নামের এক ছাত্র নিহত হয়। আকাশ স্থানীয় বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন নামের একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম আসাদুল ইসলাম। আসাদুল সদর উপজেলার মাঝিলা গ্রামের বাসিন্দা।
পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর আলী জানান, ছুটির পর কয়েক জন শিক্ষার্থী স্কুলভ্যানে ওঠার জন্য পাটিকাবাড়ি বাজারের পাশে দাঁড়িয়ে ছিল। স্কুলভ্যানটিতে ওঠার সময় মাটিবোঝাই একটি ট্রলি পেছন থেকে এসে স্কুলভ্যানটিকে চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী ছিটকে পড়ে যায়। এ সময় আকাশ ট্রলিচাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রলির মালিক বাদশাকে আটক করা হয়েছে।
পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।