বরিশাল ও খুলনায় ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের ময়লাপোতা মোড়ের চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্যতালিকা না দেখানো, নোংরা পরিবেশে খাবার তৈরি ও কর্মীর অপরিচ্ছন্নতার দায়ে এই জরিমানা করেন। বরিশালেও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করার দায়ে এক কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ময়লাপোতার মালেক ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার, আকবর ডিপার্টমেন্টাল শপকে ১৫ হাজার, রাঁধুনী হোটেলকে ৭ হাজার ও ঢাকা হাজি বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন রেজাউল করিম ও করপোরেশনের অন্যান্য প্রতিনিধি। অভিযানে সহায়তা দেয় মহানগর পুলিশ। নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, ময়লাপোতার মালেক ডিপার্টমেন্টাল স্টোরের ছাদ-দেয়াল ভাঙা, সহজেই বৃষ্টির পানি ঢোকায় অনেক পণ্যই নষ্ট হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে দোকানটিতে। আকবর ডিপার্টমেন্টাল শপ মূল্যতালিকা প্রদর্শন না করায়। রাঁধুনী হোটেলে ফুটপাত দখল করে উন্মুক্ত স্থানে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে এবং ঢাকা হাজি বিরিয়ানির বিক্রয়কর্মীর হাতে বড় নখ থাকায় এসব জরিমানা করা হয়েছে।
এদিকে বরিশালে নোংরা পরিবেশ ও অপরিচ্ছন্ন কারখানায় সেমাই প্রস্তুতের দায়ে কারখানার এক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ উন্নয়নের জন্য সতর্ক করা হয়েছে। নগরের মল্লিক রোডে উৎসব সেমাই কারখানায় ওই অভিযান চালানো হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সুখময় সরকার জানান, রমজান উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নগরের উৎসব সেমাই কারখানায় গিয়ে নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করতে দেখা যায়। যা ঈদ উপলক্ষে বাজারজাত করা হবে। অপরিচ্ছন্ন অবস্থায় সেমাই প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারায় কারখানা পরিচালনাকারী মো. আজিজ সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা ও পরিবেশগত মান উন্নয়নের জন্য সতর্ক করা হয়েছে।