বরিশাল ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুজন
মাগুরায় গত বৃহস্পতিবার বালুবোঝাই ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এর আগে গত বুধবার বরিশালে ট্রাকচাপায় কলেজছাত্র সোহাগ রাঢ়ী (২৫) প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহমঞ্চদপুর উপজেলার নহাটা গ্রামের ফুল মিয়ার ছেলে কামরুল ইসলাম বেলা ১১টার দিকে নহাটা থেকে বাসে করে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ডে নামেন। এ সময় একটি বালুবোঝাই ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যান।
এদিকে বুধবার রাত সাড়ে নয়টার দিকে সোহাগ রাঢ়ীসহ আরেক তরুণ বরিশাল নগরের আইসিসি হাসপাতালে তাঁর অসুস্থ আত্মীয়কে দেখে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি নতুন বাজার এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে একটি বালুভর্তি ট্রাক সোহাগ রাঢ়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের নীল খোলা পাড়াঠ খালেক রাঢ়ীর ছেলে।