বরিশাল কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী
বরিশাল কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছেন। এর পরও প্রতিদিন বন্দীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত বন্দীর পানীয় জল, থাকা, খাওয়া ও স্বাস্থ্যসেবা নিয়ে কারা কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।সম্প্রতি বরিশাল কারাগার থেকে মুক্তি পাওয়া মনির হোসেন জানান, থাকা ও খাওয়ার খুবই সমস্যা। কারাগারে একজন বন্দী দুই-তিন ফুটের বেশি জায়গা পান না। জেল কোড অনুযায়ী খাবারও পাওয়া যায় না। পানির তীব্র সমস্যা রয়েছে। এ ছাড়া কারাগারে চিকিৎসাব্যবস্থাও করুণ। অসুস্থ হলে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বরিশাল কারাগারে চারটি ভবনে ২৩টি সাধারণ ওয়ার্ড, একটি মহিলা ওয়ার্ড ও দুটি সেল রয়েছে। এর বন্দী ধারণক্ষমতা মাত্র ৬৩৩ জন। বর্তমানে বন্দী রয়েছেন এক হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ২৮৩ জন ও নারী ৩৬ জন। বন্দীদের মধ্যে কয়েদি ৫২৯ জন, হাজতি ৭৫৯ জন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৩১ জন।নিয়ম অনুয়ায়ী একজন বন্দীর জন্য পাঁচ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থ স্থান বরাদ্দ থাকার কথা। খাবার হিসেবে সকালে ১১৬ গ্রাম আটার রুটি ও ১৪ দশমিত ৫৮ গ্রাম গুড় বরাদ্দ রয়েছে। দুপুরে ২৯১ গ্রাম চালের ভাত, ২৩৩ দশমিক ২৮ গ্রাম সবজি ও ১৪৫ দশমিক ৪৮ গ্রাম ডাল বরাদ্দ রয়েছে। রাতেও একই পরিমাণ খাবারের সঙ্গে ৩৬ দশমিক ৪৫ গ্রাম মাছ অথবা মাংস দেওয়ার কথা। কমপক্ষে ২০ দিন মাছ এবং ১০ দিন মাংস দেওয়ার রীতি রয়েছে।এ ব্যাপারে বরিশাল কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক কামাল হোসেন বলেন, বন্দীর সংখ্যা বেশি হওয়ায় একটু সমস্যা হচ্ছে। প্রত্যেক বন্দীর জন্য দিনে ৫০ টাকার খাবার বরাদ্দ রয়েছে, যা চাহিদার চেয়ে কম। তিনি জানান, বন্দীদের আবাসনসংকট দূর করার জন্য ১৯২ জন ধারণক্ষমতার দুটি ভবন নির্মাণকাজ শুরু হয়েছে। ওই ভবন নির্মিত হলে আবাসনের সমস্যা কিছুটা দূর হবে।