বরিশাল কারাগারে মুঠোফোন নিয়ন্ত্রণযন্ত্র, বিপাকে গ্রাহক
মুঠোফোনে অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে বরিশাল কারাগারে চারটি ‘মোবাইল জ্যামার’ (মুঠোফোনে নেটওয়ার্ক নিয়ন্ত্রণযন্ত্র) বসানো হয়েছে। এর ফলে কোতোয়ালি মডেল থানা, সদর হাসপাতালসহ কারাগার এলাকার সাধারণ গ্রাহকেরা মুঠোফোন ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েছেন।বরিশাল কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন কারাগার থেকে অপরাধীরা মুঠোফোনের মাধ্যমে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে—এমন খবর পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারাগারগুলোতে ‘মোবাইল জ্যামার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ সেপ্টেম্বর বরিশাল কারাগারে চারটি মোবাইল জ্যামার স্থাপন করা হয়। যন্ত্রগুলো থেকে চারদিকে ৫০ মিটার দূরত্বের সব মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ থাকার কথা। বাস্তবে ওই যন্ত্রগুলো ১০০ মিটার পর্যন্ত নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। এর প্রভাব পড়ছে মুঠোফোন ব্যবহারকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকদের ওপর।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘২ সেপ্টেম্বর থেকে থানায় মুঠোফোনের নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে। এ কারণে অনেক সময় অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে আমরা যোগাযোগ করতে পারছি না।’বরিশাল কারাগারের ১০০ মিটারের মধ্যে রয়েছে বরিশাল জেনারেল হাসপাতাল, কোতোয়ালি মডেল থানা, একটি বালিকা বিদ্যালয়, কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কাঁচাবাজার। এ ছাড়া সদর রোড, লাইন রোড, চকবাজার, কাটপট্টিসহ আশপাশের এলাকায় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২ সেপ্টেম্বর থেকে এসব এলাকার মুঠোফোন ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন।মুঠোফোন গ্রাহক জাকির হোসেন বলেন, ‘গত সোমবার সকালে লাইন রোডের একটি দোকানে ফ্লেক্সিলোডের টাকা দিয়ে চলে যাই। বিকেল পর্যন্ত টাকা জমা না হওয়ায় দোকানিকে জিজ্ঞেস করলে সে জানায়, নেটওয়ার্কে সমস্যা থাকায় টাকা জমা করা সম্ভব হয়নি।’বরিশাল কারাগারের তত্ত্বাবধায়ক কামাল হোসেন বলেন, ‘অধিকতর নিরাপত্তার স্বার্থে বরিশাল কারাগারে চারটি এবং বিভাগের অপর পাঁচটি জেলার পাঁচটি কারাগারে পাঁচটি মোবাইল জ্যামার স্থাপন করা হয়েছে। যন্ত্রগুলো চারদিকে ৫০ মিটার পর্যন্ত মুঠোফোনের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করার কথা থাকলেও এতে প্রায় ১০০ মিটার পর্যন্ত নিয়ন্ত্রণ হচ্ছে। এ কারণে বরিশালে ২ সেপ্টেম্বর থেকে কারাগারের আশপাশের এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়েছেন। তবে প্রকৌশলীরা বিষয়টি দেখছেন। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।’