বরিশাল কারাগারে হাজতির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি এমএসএফের
বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা মামলার এক হাজতির মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি জহিরুল হাওলাদার (২৩) হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। পরে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারা হেফাজতে জহিরুল হাওলাদারের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে স্বজনেরা বলেছেন, অমানবিক নির্যাতন করে কারা অভ্যন্তরে তাঁকে হত্যা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বরিশালের মেহেন্দিগঞ্জের চরফেনুয়ায় একটি হত্যা মামলার অভিযোগের ১২ নম্বর আসামি হিসেবে জহিরুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১২ জানুয়ারি থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন। জহিরুলের বড় ভাই মোহাম্মদ আলী আকবর বলেছেন, জহিরুল হাওলাদার কোনোভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। ঢাকায় তাঁর স্ক্রিনপ্রিন্টের দোকান রয়েছে। তিনি ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পিবিআইয়ের লোকজন জহিরুল হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত না করে তাঁকে মারধর করে। এরপর থেকে জহিরুল অসুস্থ ছিলেন। চার–পাঁচ দিন আগে জহিরুল তাঁদের ফোন করে জানিয়েছিলেন, কারাগারের মধ্যে কিছু লোকজন জোর করে তাঁর ঘাড়ে ইনজেকশন দিয়েছিল।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বরিশাল কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ দাবি করেছে মৃত হাজতি কারাগারে নির্যাতিত হননি। তবে এমএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমনটি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, প্রকাশিত সংবাদ বলা হয়েছে, বরিশাল কেন্দ্রীয় কারাগারের অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ আবদুল হাই জানিয়েছেন, ওই দিন সকালে হাজতিকে গাড়িতে ওঠানোর সময় তাঁর মুখ থেকে ফেনা বের হচ্ছিল। তিনি কারাগারেই মারা গেছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম জানিয়েছেন, হাজতি জহিরুল হাওলাদারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।