বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দ্বিতীয় দিনেও চলছে বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হওয়ায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। পটুয়াখালী চৌরাস্তা এলাকার মহাসড়ক থেকে আজ শুক্রবার সকালে ছবিটি তোলা হয়েছে। ছবি: শংকর দাস
অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হওয়ায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। পটুয়াখালী চৌরাস্তা এলাকার মহাসড়ক থেকে আজ শুক্রবার সকালে ছবিটি তোলা হয়েছে। ছবি: শংকর দাস

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আজ শুক্রবার দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়। মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায়চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ আটক বাসশ্রমিকদের মুক্তির দাবিতে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এই বাস ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের ফলে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালীর বাউফল, দশমিনা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী এবং বরিশালের নিয়ামতি ও বাকেরগঞ্জ রুটসহ মোট ১০ টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তিন জেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে বাস ধর্মঘটের কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটক, শিক্ষাসফরে আসা শিক্ষক-শিক্ষার্থীসহ লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

আজ সকালে সরেজমিনে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকার বাস টার্মিনালসংলগ্ন মহাসড়কে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মহাসড়কে অবস্থান নিয়েছেন। বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক সমিতির বাস সড়কে চলাচল করতে দেখা যায়নি। পটুয়াখালী বাস টার্মিনালে অলস বসে আছে বাসগুলো। তবে ঢাকা ও বগুড়া থেকে আসা দূরপাল্লার কয়েকটি নৈশকোচ সকালে পটুয়াখালী অতিক্রম করেছে।
এদিকে ঢাকা থেকে লঞ্চযোগে আসা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। যাত্রীরা বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কুয়াকাটাসহ বিভিন্ন এলাকার যাত্রীরা মাইক্রোবাস, আবার কেউ কেউ ভাড়ায়চালিত মোটরসাইকেল, ইজিবাইক ভাড়া করে গন্তব্যে রওনা দেন।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন বলেন, ‘আমাদের দাবি-দাওয়ার বিষয়ে তিন জেলার প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে যাত্রী ভোগান্তি লাঘবে আমরাও দ্রুত এর সমাধান চাই।’
তিনি জানান, বাস ধর্মঘটের কারণে তিন জেলার ১০ টি রুটে ২৫০টিরও বেশি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল নিয়ে ওই শ্রমিকদের সঙ্গে বাসমালিক ও শ্রমিকদের বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৭ পুলিশ ও দুপক্ষের কমপক্ষে ২২ শ্রমিক আহত হয়। এ ঘটনায় পুলিশ ৫৪ জনকে আসামি করে মামলা করে এবং ১৭ জনকে আটক করে।
ওই রাতেই বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ পুলিশের হাতে আটক বাসমালিক ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দাবি জানায়। বুধবারের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ধর্মঘটের ঘোষণা দেয়।