বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে কে বা কারা কুপিয়ে জখম করেছে।
অভিযোগ উঠেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই হামলা চালিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। একই সঙ্গে তারা স্কুল ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়ী করে জিলা স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে স্কুলের ছাত্ররা ক্লাস বর্জন করে মিছিল বের করে। এ সময় তারা বিদ্যালয়সংলগ্ন সড়ক অবরোধ করে। তারা স্কুল ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সরিয়ে নেওয়ার দাবিতে স্লোগানও দেয়।
জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, স্কুলের ক্যাম্পাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হওয়ায় নানা সমস্যা হচ্ছে। গত সোমবার বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মারধর করেন।
একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ের ভেতরে ঢুকে ছাত্রদের মারধর এবং কয়েকটি সাইকেলসহ মূল ফটক ভাঙচুর করেন। গতকাল বেলা পৌনে একটার দিকে বিদ্যালয়ের দিবা শাখার সপ্তম শ্রেণীর ছাত্র মো. সাফায়াত স্কুলসংলগ্ন ব্রাউন কম্পাউন্ড সড়ক দিয়ে বাসায় ফেরার সময় অজ্ঞাতপরিচয়ের তিন-চার যুবক তার কপাল ও পিঠে ছুরিকাঘাত করেন। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগের ঘটনার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে স্কুলের ছাত্ররা উত্ত্যক্ত করায় তাঁরা নালিশ জানাতে স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলেন। ওই সময় স্কুলের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে বিষয়টি দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বসে মীমাংসা করে দেয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে জানান, গত সোমবার জিলা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই দিনই দুই প্রতিষ্ঠানের প্রধান ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্কুলছাত্র সাফায়াতের ওপর হামলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। তার পরও যদি এ অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।