বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে সংগঠনটির বরিশাল জেলা শাখার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক কাজী মুনিরউদ্দিন তারিক সোমবার কর্মী সম্মেলনের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। একইভাবে পৌরসভা ও বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগেরও কমিটি ঘোষণা করেন তাঁরা। কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা ক্ষুব্ধ হন। তাঁদের সমর্থন নিয়ে জেলা ছাত্রলীগের সদস্য ফরিদুল ইসলাম উল্লাহ একইভাবে তিনটি পাল্টা কমিটি গঠন করেন। পরে ওইসব কমিটির বৈধতা দিতে জেলা ছাত্রলীগের নেতাদের ওপর চাপ দিতে থাকেন তাঁরা।দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় ছাত্রলীগের বরিশাল বিএম কলেজের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের নেতৃত্বে ফয়সাল আহম্মেদসহ ৬০-৭০ জন নেতাকর্মী ছাত্রলীগের নেতা মুনিরউদ্দিন তারিকের কাছে যান। এ সময় তাঁরা তাঁকে ওই তিনটি কমিটির অনুমোদন দিতে বলেন। কিন্তু রাজি না হওয়ায় তাঁরা মুনিরউদ্দিনকে মারধর করেন। পরে তাঁরা সেখান থেকে নগরের হাসপাতাল রোডে এসে একই কারণে ছাত্রলীগ নেতা মিলন ভূঁইয়াকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর উভয় পক্ষের নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন।জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুনিরউদ্দিন তারিক অভিযোগ করেন, জেলা কমিটির পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি করে দেওয়া হয়। দলের প্রকৃত ও ত্যাগী নেতাদের সমন্বয়ে ওই কমিটি গঠন করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হন নতুন নেতাকর্মীরা। এর জেরে বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের নেতৃত্বে ফরিদুল ইসলাম, জুবায়ের আলম, মো. আতিক, সাহান, হাতেম আলী কলেজ ও ল কলেজের ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করেছেন। পরে তাঁরা জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়াকেও মারধর করেন।জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূঁইয়া বলেন, ‘আমরা সিনিয়র নেতাদের পরামর্শে বাকেরগঞ্জ উপজেলা কমিটি করে দিয়েছি। ওই কমিটিতে স্থান না পাওয়ায় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী যুগ্ম আহ্বায়ক মুনিরউদ্দিন তারিককে লাঞ্ছিত করেন এবং আমাকে গালিগালাজ করেন।’ তিনি আরও জানান, দলের জ্যেষ্ঠ নেতারা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে চলা দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নিয়েছেন।ছাত্রলীগের বিএম কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মঈন তুষার বলেন, ‘বাকেরগঞ্জ কমিটি নিয়ে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তা ছাড়া আমি জেলা ছাত্রলীগের রাজনীতি করি না।’জেলা ছাত্রলীগের সদস্য ফরিদুল ইসলাম বলেন, জেলা ছাত্রলীগের সব সদস্যকে না জানিয়ে বাকেরগঞ্জে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। পরে আমি ও অন্য সদস্যরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে কমিটি করেছি। এসব বিষয় নিয়ে উপজেলা ছাত্রলীগের একটি অংশ মুনিরউদ্দিন তারিকের কাছে জিজ্ঞেস করতে যায়। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।