বরিশাল জেলা প্রশাসনের 'হেল্প লাইন' সেবা চালু
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে হেল্প লাইন সেবা চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান।
জেলা প্রশাসনের ‘ফেসবুক গ্রুপ’ এবং ‘বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপ’-এ যাঁরা অভিযোগ করতে পারেন না, তাঁদের জন্য এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসক জানান, বেশ কিছুদিন ধরে বরিশালের নাগরিকেরা তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ফেসবুক গ্রুপ এবং বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপ পেজের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে আসছেন। কিন্তু অনেক মানুষ এখনো ফেসবুক কিংবা ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হয়ে ওঠেননি। তাঁরা যাতে তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা প্রশাসনকে জানাতে পারেন, সে জন্য এই নতুন হেল্প লাইন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে নাগরিকেরা যেকোনো সমস্যা জানাতে পারবেন ০১৭০৫৪০৬৫২৩ এই মুঠোফোন নম্বরে। এই নম্বরে সরাসরি কথা বলে কিংবা খুদে বার্তার মাধ্যমে সমস্যা জানানো যাবে।