বরিশাল জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী-বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালকে সভাপতি করে বরিশাল জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি বিলকিস জাহান শিরিনকে।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কমিটির অনুমোদন দেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমদ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় গতকাল এ তথ্য জানানো হয়। এদিকে কমিটি ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিরোধ আরও তীব্র হয়েছে। কমিটি ঘোষণার পরপর গতকাল বিকেলে নতুন কমিটি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে নগরের সদর রোডে আনন্দ মিছিল করেছেন কামালপন্থী নেতা-কর্মীরা। তাঁরা মিষ্টিও বিতরণ করেন।নতুন কমিটি প্রত্যাখ্যান করে একই সময়ে সদর রোডের অন্যপ্রান্তে বিক্ষোভ মিছিল করেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারপন্থী নেতা-কর্মীরা। কমিটি প্রত্যাখ্যান করে সন্ধ্যা সাতটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মন্টু। ওই সময় কার্যালয়ের সামনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন সরোয়ার সমর্থকেরা।নতুন কমিটির ব্যাপারে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে বিষয়টি আমি এখনো জানি না। জেলার সাংসদ ও উপজেলা কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে কমিটি ঘোষণার জন্য অনুরোধ করেছিলাম। নতুন কমিটিতে তৃণমূল নেতা-কর্মীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটেনি।’যোগাযোগ করা হলে নতুন কমিটির সাধারণ সম্পাদক বিলকিস জাহান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র বরিশাল জেলা কমিটি ঘোষণা করেছে। এটি চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্ত। এ কমিটি প্রত্যাখ্যান করার সুযোগ নেই।’