বরিশাল থেকে ফের শুরু হচ্ছে বিমান চলাচল
৪৭ মাস পর বরিশাল বিমানবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার থেকে বিমান চলাচল শুরু হচ্ছে। আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলের উদ্বোধন করবেন বিমান ও পর্যটনমন্ত্রী মো. ফারুক খান। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বেসরকারি ইউনাইটেডের বিমান চলাচল করবে। পরে বাংলাদেশ বিমানের সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হানিফ গাজী।ইউনাইটেড এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, প্রতি রোববার ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে এবং বরিশাল থেকে বেলা সাড়ে ১১টায় বিমান চলাচল করবে। বৃহস্পতিবার বিমান চলবে বিকেল পাঁচটায় ঢাকা থেকে ও বিকেল পাঁচটা ৫০ মিনিটে বরিশাল থেকে। বরিশাল বিমানবন্দর সূত্র জানায়, ১৯৮৫ সালে ৪০ কোটি টাকা ব্যয়ে বরিশাল নগরের রহমতপুর এলাকায় ১৬৩ একর জায়গায় নির্মাণ করা হয় বরিশাল বিমানবন্দর। ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিমানবন্দরটি। ওই বছর বেসরকারি বিমান অ্যারো বেঙ্গল দিয়ে যাত্রা শুরু হয় বরিশাল বিমানবন্দরের। ২০০৯ সাল পর্যন্ত বেসরকারি বিমান পারাবত এয়ারলাইনস, জিএমজি ও ইউনাইটেড এয়ারলাইনস যাত্রী পরিবহন করে। ২০০৯ সালের মে মাসে কর্তৃপক্ষ বরিশালের সব সার্ভিস বন্ধ করে দেয়। ওই সময় বরিশালে বিমান বাংলাদেশের কার্যালয়টি এখান থেকে গুটিয়ে নেয় সরকার। সেই থেকে বন্ধ ছিল বরিশাল বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম।