বরিশাল থেকে বানারীপাড়া ও হিজলায় বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল থেকে বানারীপাড়ায় গেটলক ও হিজলা উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বরিশাল বাস মালিক সমিতির নেতারা। বানারীপাড়ায় নির্দিষ্ট স্থানে বাস থামতে না দেওয়ায় (পার্কিং) গত সোমবার সকাল থেকে এবং হিজলা বাসস্ট্যান্ডে টোল বাড়ানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকেরা।
এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। এতে যাত্রীরা বিকল্প বাহনে অতিরিক্ত খরচের পাশাপাশি পথে পথে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে।
বরিশাল জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দে বলেন, বরিশাল থেকে বানারীপাড়া পথে চলাচলকারী গেটলক বাসগুলো বানারীপাড়া শহরের ডাকবাংলোর সামনের স্ট্যান্ডে থামত। কিন্তু স্থানীয় প্রশাসন রোববার থেকে ওই স্ট্যান্ড ব্যবহার করতে দিচ্ছে না। এখন এসব বাসকে মূল বাসস্ট্যান্ডে যেতে বলা হচ্ছে। তাই ওই পথে সোমবার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আর হিজলায় বাসস্ট্যান্ডে ২৫ টাকা টোল ধার্য করার প্রতিবাদে বরিশাল থেকে হিজলায় চলাচলকারী বাসগুলোও গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান না হলে আজ বুধবার থেকে বরিশালের অভ্যন্তরীণ আটটি পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখবেন তাঁরা।
বাস মালিক ও শ্রমিকেরা জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ থেকে হিজলা উপজেলায় চলাচলকারী বাসগুলো থেকে আগে হিজলা বাসস্ট্যান্ডে টোল বাবদ ২০ টাকা আদায় করা হতো। কিন্তু সম্প্রতি উপজেলা ছাত্রলীগের এক নেতা বাসস্ট্যান্ডের ইজারা পাওয়ার পর তিনি সেখানে প্রতিটি বাস থেকে প্রতি ট্রিপে ২৫ টাকা টোল ধার্য করছেন। তাঁরা জানান, এ বছর হিজলা বাসস্ট্যান্ডটির ইজারা নিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘২০১৬ সালে স্ট্যান্ড ইজারা মূল্য ছিল ৩ লাখ টাকা, এবার তা বেড়ে ৭ লাখ ৭৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। এ জন্য আমরা এবার ৫ টাকা বর্ধিত করে ২৫ টাকা টোল নির্ধারণ করেছি।’
এদিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গতকাল বিকেলে বলেন, গেটলক বাসগুলোকে মূল বাসস্ট্যান্ডে থামানোর জন্য বলা হয়েছে। কিন্তু বাসমালিকেরা ডাকবাংলো এলাকায় বাসস্ট্যান্ড রাখার দাবিতে অনড়।
ওসি বলেন, ‘বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনূস গতকাল দুপুরে ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে গেটলক বাসমালিকদের সুবিধার জন্য উপজেলা পরিষদের সামনের টেম্পোস্ট্যান্ডটি সরিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়েছে। এই সিদ্ধান্ত আমরা বাস মালিক সমিতির সভাপতিসহ অন্য নেতাদের জানিয়ে দিয়েছি।’
বরিশাল জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন গতকাল বিকেলে বলেন, ‘বর্ধিত টোল দেওয়া আমাদের পক্ষে অসম্ভব।’ বানারীপাড়ায় বাস চলাচল বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রশাসনের বিকল্প প্রস্তাবটি পেয়েছি। এ নিয়ে মালিকদের সঙ্গে মঙ্গলবার রাতে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’