বরিশাল থেকে ভারতীয় কিশোরী উদ্ধার
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের একটি গ্রাম থেকে গতকাল শুক্রবার বৈশাখী কান্ডারী (১৫) নামে ভারতীয় এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। গতকাল বিকেলে র্যাবের বরিশাল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
বৈশাখী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনার জটিরামপুর গ্রামের তরুণ কান্ডারীর মেয়ে। সে একই এলাকার রাঙাবেলিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।
সংবাদ সম্মেলনে র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদান কবির জানান, গত ২২ জুন বৈশাখী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফিরে যায়নি। ওই দিনই বৈশাখীর মা নিবেদিতা কান্ডারী বোসাক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির অনুলিপি ঢাকার ভারতীয় দূতাবাসে পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কালভিটা গ্রামের স্বপন মল্লিকের বাড়িতে বৈশাখীর সন্ধান পায়। সেই সূত্র ধরেই গতকাল বৈশাখীকে উদ্ধার করা হয়।
র্যাব ৮-এর কর্মকর্তা লেফটেন্যান্ট রুহুল আমিন জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে বৈশাখী স্বীকার করেছে স্বপনের সঙ্গে স্বেচ্ছায় সে বাংলাদেশে এসেছে। স্বপন তাদের বাড়িতে রং মিস্ত্রির কাজ করত। ওই সময় স্বপনের সঙ্গে তার (বৈশাখী) সখ্য গড়ে ওঠে। গতকাল অভিযানের সময় স্বপন মল্লিক বা তার পরিবারের সদস্যদের পাওয়া যায়নি।
বৈশাখী আপাতত ঢাকায় শেল্টার হোমে থাকবে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।