বরিশাল নগরে পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের অধিকাংশ বাড়িতে গভীর নলকূপ থাকলেও বেশির ভাগ সময় পানি ওঠে না। তাই অনেক বাড়ির মালিক গভীর নলকূপের মধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন সাবমার্সিবল পাম্প বসিয়েছেন। এ কারণে আশপাশের বাসিন্দারা পানি পাচ্ছেন না।

সরেজমিনে দেখা গেছে, নগরের সদর, প্যারারা, হাসপাতাল, গোরস্থান, বটতলা, নবগ্রাম, কলেজ সড়কসহ অধিকাংশ এলাকার বাড়ির নলকূপে দিনের বেলা পানি ওঠানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কেউ ভোররাতে, কেউ-বা গভীর রাতে পানি ওঠাচ্ছেন।

নগরের কয়েকজন বাসিন্দার অভিযোগ, কিছু অসাধু বাড়িওয়ালা নলকূপের ভেতর সাবমার্সিবল পাম্প বসিয়েছেন। এ ছাড়া সিটি করপোরেশনও অধিক ক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করেছে। ওই পাম্প চালু হলে আধা বর্গকিলোমিটার এলাকায় থাকা সাধারণ নলকূপে পানি ওঠে না।

সদর সড়কের বাসিন্দা মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী বলেন, একদিকে সিটি করপোরেশন পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারছে না, অন্যদিকে কিছু বাড়ির মালিক সাবমার্সিবল পাম্প বসানোয় সাধারণ নলকূপে পানি ঠিকমতো উঠছে না। এ জন্য পানির সংকট দেখা দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সড়কের এক বাসিন্দা জানান, আগে সাধারণ মোটর দিয়ে পানি ওঠানো হতো। তখন পানি পাওয়া যেত না। বাধ্য হয়েই সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছেন। এখন আর সমস্যা হচ্ছে না। গোরস্থান সড়কের বাসিন্দা মো. আবুল কালাম জানান, দিনের বেলা পাম্প চালালেও পানি পাওয়া যায় না। তবে গভীর রাতে বা ভোররাতে পাম্প চালালে সামান্য পানি পাওয়া যায়।

বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি এলাকায় গভীর নলকূপ বসানোর লিখিত কোনো অনুমতি দেওয়া হয় না। তবে করপোরেশন পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় যাঁরা নলকূপ বসাচ্ছেন, তাঁদের নিষেধ করা যাচ্ছে না। ২০১০ সালের হিসাব অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি মিলে সাড়ে তিন হাজার গভীর নলকূপ রয়েছে। বর্তমানে এ সংখ্যা আরও বেশি হবে। তবে যাঁরা গভীর নলকূপ স্থাপন করছেন, তাঁদের কাছ থেকে মাসিক ১২০ টাকা চার্জ নেওয়া হচ্ছে। এ ছাড়া সিটি করপোরেশনের উদ্যোগে আরও ১৫টি গভীর নলকূপ বসানো হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, বরিশালে নলকূপের সংখ্যা তুলনামূলক বেশি। এই নলকূপ স্থাপন নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়া উচিত। তা না হলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বরিশাল।

সিটি করপোরেশনের পানি বিভাগের প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানির স্তর নিচে নেমে গেছে। এ জন্য কিছু এলাকার নলকূপে পানি উঠছে না। করপোরেশনের পক্ষ থেকে গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্প বসানোর অনুমতি দেওয়া হয় না।

তবে যাঁরা ইতিমধ্যে গভীর নলকূপ স্থাপন করছেন, তাঁদের কাছ থেকে চার্জ নেওয়া হচ্ছে। কিন্তু ঠিকমতো পানি সরবরাহ করতে না পারায় তাঁদের গভীর নলকূপ বন্ধও করা যাচ্ছে না।

সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ প্রথম আলোকে বলেন, বরিশালে পানির সমস্যা শিগগিরই সমাধান করা হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ দ্রুতগতিতে চলছে। ওই কাজ শেষ হলে পানির সমস্যা থাকবে না।