বরিশাল নগরে পানির সংকট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল, পুকুর ও নদী ভরাট এবং ভূগর্ভের পানির যথেচ্ছ ব্যবহারের কারণে বরিশালে পানির সংকট প্রকট আকার ধারণ করেছে৷ সিটি করপোরেশনও চাহিদার তুলনায় কম পানি সরবরাহ করছে৷ এতে চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় শহরের মানুষ ভোগান্তি পোহাচ্ছে৷
বরিশাল আবহাওয়া কার্যালয় জানায়, দেড় মাস ধরে বরিশাল অঞ্চলের তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি। এতে পানির চাহিদাও বেড়েছে।
বরিশাল সিটি করপোরেশনের পানি বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল নগরে প্রতিদিন এক কোটি ২০ লাখ গ্যালন পানির প্রয়োজন। সেখানে সিটি করপোরেশন মাত্র ৪৭ লাখ গ্যালন পানি সরবরাহ করতে পারছে। ৭৩ লাখ গ্যালন পানির সংকট রয়েছে। তবে বাড়ির মালিকেরা গভীর নলকূপ বসিয়ে পানি তুলে ব্যবহার করছেন। ২০১০ সাল থেকে সিটি করপোরেশন এলাকায় গভীর নলকূপ স্থাপনের লিখিত কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। তবে করপোরেশন যেহেতু চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না, সেহেতু নলকূপ বসাতেও বাধা দিচ্ছে না। ২০১০ সালের হিসাব অনুযায়ী, শহরে সাড়ে তিন হাজার গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বর্তমানে নলকূপের সংখ্যা ২০১০ সালের তুলনায় দ্বিগুণের বেশি হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের হাসপাতাল রোড, নথুল্লাবাদ, রূপাতলী, সদর রোড, প্যারারা রোড, কলেজ রোড, বটতলা, আলেকান্দা, বগুড়া রোডসহ অধিকাংশ এলাকার বাড়ির গভীর নলকূপ থেকে দিনের বেলা পানি উঠছে না। নথুল্লাবাদ এলাকার বাসিন্দা সোয়েব রহমান বলেন, একদিকে তীব্র গরম, তার ওপর দুই মাসের বেশি সময় ধরে দিনের বেলা নলকূপে পানি ওঠে না। বাধ্য হয়ে গভীর রাতে অথবা ভোররাতে পানি তুলতে হয়।
সিটি করপোরেশনের পানি বিভাগের প্রকৌশলী মো. মনিরুল আলম বলেন, নগরবাসীর চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। লাইনের মাধ্যমে ৪৭ লাখ গ্যালন পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। নগরে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে পানির সমস্যা থাকবে না।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়ায় এবং সিটি করপোরেশন এলাকায় অপরিকল্পিতভাবে প্রচুরসংখ্যক গভীর নলকূপ স্থাপন করায় ভূগর্ভস্থ পানির স্তর ২৮-৩০ ফুট নিচে নেমে গেছে৷ এ কারণে নলকূপে পানি না ওঠায় পানির সংকট দেখা দিয়েছে৷ তবে জুন মাসে গরম কমলে ও বৃষ্টি শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে৷