বরিশাল নগরের খাল-পুকুর-জলাশয় রক্ষার দাবি
বরিশাল নগরের অধিকাংশ পুকুর, খাল, জলাশয় ভরাট হয়ে গেছে। এসব কারণে বরিশালে চরম পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। অবিলম্বে নগরের খাল, পুকুর, জলাশয় রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে বিভিন্ন সংগঠন।
‘শত কোটিজনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ এই শিরোনাম নিয়ে ২৬টি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়।
গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বরিশালের নদী, খাল, পুকুর রক্ষাসহ বাসযোগ্য নগরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, একসময় বরিশাল নগরে শতাধিক পুকুর ছিল। নগরের মধ্যে ২২টি খাল প্রবাহিত ছিল। পুকুরগুলোর অধিকাংশ উন্নয়নের নামে ভরাট করা হয়েছে। ২২টি খালের মধ্যে পাঁচটি টিকে থাকলেও অস্তিত্ব বোঝা খুবই কষ্ট। নোংরা-আবর্জনা, দখল এবং দূষণে খালগুলো মরে যাচ্ছে। বারবার দাবি তুললেও খাল রক্ষা এবং খননে সিটি করপোরেশন কোনো উদ্যোগ নিচ্ছে না।