বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষে হামলা, ভাঙচুর
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল বুধবার ছাত্রলীগের ইনস্টিটিউট শাখার সভাপতি আবদুর রাজ্জাকের নেতৃত্বে ওই হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন ইনস্টিটিউটের অধ্যক্ষ।পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, কলেজের অনিয়মিত ছাত্র এবং ছাত্রলীগের ইনস্টিটিউট শাখার সভাপতি আবদুর রাজ্জাকের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীদের একটি দল কলেজে মিছিল করে অধ্যক্ষের কক্ষে যায়। সেখানে গিয়ে ছাত্র সংসদের কক্ষের চাবি দাবি করেন আবদুর রাজ্জাক। অধ্যক্ষ তাঁদের কাছে চাবি দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালান। এতে অধ্যক্ষের কক্ষের দরজা ভেঙে যায়। অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন বলেন, ‘ক্যাম্পাসের দখল নিতে ছাত্রলীগের কর্মীরা মরিয়া হয়ে উঠেছে। গতকাল তারা আমার কক্ষে এসে ছাত্র সংসদের কক্ষ খুলে দেওয়ার দাবি জানায়। আমি তাদের বলি, যেহেতু নির্বাচিত ছাত্র সংসদ নেই, তাই চাবি দেওয়া সম্ভব নয়।’ এ ব্যাপারে আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের কর্মী। আমরা একটা রুম পাব না, এটা কেমন কথা। ছাত্রদলের নামে একটি কক্ষ বরাদ্দ দেওয়া আছে। আমরা সেই কক্ষের চাবি চাইতেই অধ্যক্ষের রুমে গেছি। কিন্তু অধ্যক্ষ সে দাবি মানেননি।’