বরিশাল পলিটেকনিকে ‘ফরম পূরণ-বাণিজ্য’
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এই বছর ইন্টারনেটের মাধ্যমে ভর্তি ফরম গ্রহণ করছে। এ সুযোগে এই ফরম নিয়ে বাণিজ্যে নেমেছেন কয়েকটি কোচিং সেন্টার ও ইনস্টিটিউটের কিছুসংখ্যক ছাত্র। তাঁরা ফরম পূরণ করতে আসা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৮০ টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, নগরের আলোকান্দা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সড়কের দুই পাশে ই. হক পলিটেকনিক, পলিটেকনিক, তরঙ্গ পলিটেকনিক, এমআরএস পলিটেকনিক কোচিং সেন্টারসহ বিভিন্ন নামে ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে রাখা হয়েছে। এসব স্থানে কোচিং সেন্টারের লোকেরা চেয়ার-টেবিল নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ নগদ ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। যদিও ফরম পূরণ করে ইন্টারনেটে পাঠাতে খরচ হয় ২০০ টাকা। ফরম পূরণ বাবদ বড়জোর তাঁরা আরও ২০ টাকা নিতে পারেন। বরিশাল পলিটেকনিকের অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন বলেন, ‘গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা রাস্তার পাশে ফরম পূরণ করলে অনেক সময় প্রতারিত হতে পারে। আমি মনে করি, প্রতিষ্ঠিত কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফরম পূরণ করা উচিত।’ তিনি আরও বলেন, যদি শিক্ষার্থীরা ফরম পূরণের পর তাদের ট্রাক নম্বরটি জেনে যেতে পারে তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তরঙ্গ ভর্তি কোচিংয়ের বিপ্লব ভৌমিক জানান, ফরম পূরণ করতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ করে টাকা আদায় করা হয়। এর মধ্যে ইন্টারনেটে ২৩০ টাকা খরচ হয় আর বাকিটা আমাদের থাকে।’কয়েকজন শিক্ষার্থী জানান, এসব কোচিং সেন্টারের ঠিকানা বলতে রয়েছে মুঠোফোনের কয়েকটি নম্বর। একই সঙ্গে সবাই একটি ভর্তি গাইড বিক্রি করছেন। ওই গাইড বাবদ ১২০ থেকে ১৫০ টাকা আদায় করা হচ্ছে।