বরিশাল বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানিয়েছেন জেলা বিএনপির একাংশের নেতারা। গতকাল সোমবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। একই দাবিতে বিকেলে কোতোয়ালি শাখা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান লিখিত বক্তব্যে বলেন, জেলার নেতা-কর্মীদের মতামত ছাড়াই নতুন কমিটিতে আহসান হাবিব কামালকে সভাপতি ও বিলকিস জাহানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এবায়েদুল অভিযোগ করেন, আহসান হাবিব কামাল ও বিলকিস জাহান দুজনই অযোগ্য নেতা। কামাল একজন সংস্কারপন্থী নেতা। ১/১১-এর পর তিনি প্রকাশ্য সমাবেশে বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ আখ্যায়িত করেছিলেন। হাওয়া ভবন দুর্নীতি ও লুটপাটের কেন্দ্রবিন্দু বলে মন্তব্যও করেছিলেন। এবায়েদুল হক বলেন, ‘এমন একজন সংস্কারপন্থী নেতাকে জেলা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির একজন সাধারণ কর্মীকে (বিলকিস জাহান) সম্পাদক করায় আমরা বিস্মিত।’দ্রুত এ কমিটি বাতিল করে নতুনভাবে ‘যোগ্য নেতাদের’ নিয়ে কমিটি ঘোষণার দাবি জানান এবায়েদুল। অন্যথায় কমিটি বাতিল না হওয়া পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অনশন, পদযাত্রা কর্মসূচিসহ লাগাতার আন্দোলন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ এইচ এম সালেহ আহম্মেদ, মনিরুজ্জামান ফারুক, সাখাওয়াত হোসেন, আবুল কালাম, আনোয়ারুল হক, এনায়েত হোসেন, মনিরুজ্জামান মনির, বশির আহাম্মেদ, মন্টু খান প্রমুখ।এদিকে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি আহসান হাবিব কামাল। গতকাল সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বিএনপির সব নেতা-কর্মীর প্রতি এ আহ্বান জানান। আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বিকেলে তাঁর বাসভবনে জরুরি সভায় মিলিত হওয়ার জন্যও তিনি আহ্বান জানান।