বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজে ছাত্রসংকট
একাডেমিক ভবন, ছাত্রাবাস, খেলার মাঠ, কার্যালয়, ব্যায়ামাগার—সবই আছে। কিন্তু নেই প্রয়োজনীয়সংখ্যক ছাত্র। শুধু ভর্তিবিষয়ক প্রচারণার অভাবে এ করুণ অবস্থা বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের। যে উদ্দেশ্য নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে, তা ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ প্রতিষ্ঠার জন্য ছয় কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। ২০০৬ সালে ভবন নির্মাণসহ বিভিন্ন কাজ শেষ হয়। তবে ওই বছর শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি। ২০০৯ সালের জুলাই মাসে দুজন শিক্ষক ও ২১ জন ছাত্র নিয়ে এখানে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। কলেজটি দেখভালের দায়িত্বে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব ও ক্রীড়া পরিদপ্তর।কলেজ সূত্রে আরও জানা গেছে, এখানে এক বছর মেয়াদি প্রতি শিক্ষাবর্ষে ১০০ জন ছাত্র ভর্তি হতে পারে। চলতি ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এখানে মাত্র ১৭ জন ভর্তি হয়েছে।কলেজ সূত্র জানায়, কলেজে শিক্ষকের ১০টি পদ থাকলেও আছেন অধ্যক্ষসহ একজন প্রভাষক। শুরু থেকেই চিকিৎসা কর্মকর্তা, প্রধান সহকারীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর আরও বেশ কয়েকটি পদ শূন্য আছে।অধ্যক্ষ অখিল চন্দ্র দাস বলেন, ‘১০ জন শিক্ষক থাকার কথা থাকলেও আমিসহ অন্য একজন প্রভাষক দিয়ে গত সেশন শেষ করতে হয়েছে। আমি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সংকটের বিষয়টি যুব ও ক্রীড়া পরিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।’বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমিই জানতাম না, শারীরিক শিক্ষা কলেজের লোকেশন কোথায়। আমি মনে করি, কলেজের পরিচিতির জন্য প্রচারণা প্রয়োজন। একই সঙ্গে কলেজের জনবলসংকটও নিরসন করতে পারলে অনেক সমস্যা কমে আসবে।’