বরিশাল বিভাগে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এর মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়। এদিকে পিরোজপুর জেলা হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিনের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। জেলাভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পিরোজপুরে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠিতে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া ভোলায় ছয়জন, পটুয়াখালীতে চারজনের করোনা শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৭৩ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৯ জন। করোনার উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত মারা গেছেন ৪৯৮ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত মে মাসের শেষ দিকে বরিশাল বিভাগে সংক্রমণ কিছুটা কমে এলেও ১৬ জুন থেকে তা আবার বাড়তে শুরু করে। একই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুসংখ্যাও বাড়ছে। বিশেষ করে বরিশাল ও পিরোজপুর—এই দুই জেলায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা বেশি থাকছে।
স্বাস্থ্য বিভাগের দৈনিক সংক্রমণ প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ১৫ জুন বরিশাল বিভাগে ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় করে ২৮ জনের করোনা শনাক্ত হয়। পরদিন ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জন শনাক্ত হয়েছে। ১৭ জুন ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদিন সর্বোচ্চ ১৭ জন শনাক্ত হয় পিরোজপুরে। ১৯ জুন ২০৫ জনের নমুনা পরীক্ষায় সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়ে হয় ৫৬ জন। ২০ জুন ৩৬৪ জনের নমুনার বিপরীতে ৮৩ জন শনাক্ত হয়। পরদিন ২১ জুন ৬৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা একলাফে বেড়ে হয় ১১৭ জন। এরপর ২২ জুন ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন নতুন শনাক্ত হয়। গতকাল ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধ করা ছাড়া এই অবস্থায় নতুন করে কিছু করণীয় নেই। ইতিমধ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। এখন লক্ষণ দেখা দিলেই যাতে সবাই নমুনা পরীক্ষা করতে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে শনাক্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও যেন নমুনা পরীক্ষায় আওতায় আনা হয়, সে উদ্যোগ নিতে হবে। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগকে আমরা এরই মধ্যে সতর্ক করেছি। এ ছাড়া বিভাগীয় প্রশাসনকে আমরা বিষয়টি অবহিত করেছি। সে অনুযায়ী জেলা করোনা প্রতিরোধ কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।’