তালিকা প্রণয়নে ধীরগতি ও ডিলার নিয়োগ না হওয়ায় গতকাল বুধবার বরিশাল বিভাগের কোথাও ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম শুরু করা যায়নি।
গতকাল সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৪ লাখ ৮০ হাজার ২৮২টি পরিবার ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে পাঁচ মাস চাল কিনতে পারবে।
বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত বিভাগের ৬ জেলায় ৩ লাখ ৩১ হাজার পরিবারের নামের তালিকা পাওয়া গেছে। বাকি ১ লাখ ৪৯ হাজার ২৮২ পরিবারের তালিকা এখনো তাঁরা হাতে পাননি। এ ছাড়া এসব চাল বিক্রির জন্য ৯৬০ জন ডিলারের মধ্যে গতকাল পর্যন্ত ৬৯১ জনকে নিয়োগ করা হয়েছে। সূত্রটি আরও জানায়, উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ কার্যক্রম মন্থর গতিতে চলার কারণে ঈদের আগে এই বিভাগে চাল বিক্রি কার্যক্রম শুরু করার বিষয়টি অনিশ্চিত।
বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, এই কর্মসূচির আওতায় বরিশাল জেলায় ১ লাখ ৬০ হাজার ৩৯৬ পরিবার, বরগুনা জেলায় ৫৪ হাজার ৬১৮, ভোলায় ৮২ হাজার ৯৯৯, ঝালকাঠিতে ৩০ হাজার ৭৬৪, পিরোজপুরে ৩৩ হাজার ৪২১ ও পটুয়াখালীতে প্রায় ১ লাখ ১৮ হাজার পরিবার এই সহায়তা পাবে। এ জন্য বিভাগে ৯৬০ জন (প্রতি ৫০০ পরিবারের জন্য ১ জন) ডিলার নিয়োগ দেওয়া হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর ও আগামী বছরের মার্চ থেকে এপ্রিল—এই পাঁচ মাস সরকারি এই বিশেষ সহায়তা পাবে এসব হতদরিদ্র পরিবার।
হতদরিদ্রদের তালিকা প্রণয়নের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সব ইউপি সদস্য, স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তি এই কমিটির সদস্য থাকবেন। কমিটির সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট ইউপির সচিব। কার্যক্রম শুরুর বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘জেলার ৪২ ইউনিয়নের মধ্যে গতকাল পর্যন্ত তিনি ২০টি ইউনিয়নের তালিকা হাতে পেয়েছেন। এখন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ বিষয়ে সহযোগিতা না করলে আমাদের কী করার আছে।’
পটুয়াখালী ও বরিশাল জেলায় তালিকা প্রণয়নের ক্ষেত্রে ধীর গতি থাকলেও তা স্বীকার করেননি দুই জেলার দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি গতকাল বলেন, ‘আমার দুই জেলার তালিকা প্রণয়নের কাজ শেষ। কিন্তু কার্ড ইস্যু হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে যেকোনো দিন আমরা এ চাল বিতরণ করতে পারব।’
বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন গতকাল বলেন, ‘আমরা কার্যক্রম শুরু করতে পারিনি, এর পেছনে মূল কারণ হচ্ছে এখনো সব জেলার উপকারভোগীদের তালিকা পাইনি।’ কিন্তু একযোগে তো শুরুর কথা ছিল এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা চাল বিতরণের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা এখনো পাইনি। কোরবানি ঈদের পর ছাড়া এই বিভাগে এটা শুরু করা যাচ্ছে না।’