বরিশাল বিভাগে প্রাথমিক শিক্ষকের ২৩৪১ পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয় জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের দুই হাজার ৩৪১টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৬২১ জন, সহকারী শিক্ষক এক হাজার ছয়জন এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৭১৪ জন। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট বেশি। তাই জোড়াতালি দিয়ে কোনো রকমে চালানো হচ্ছে ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভাগের ছয়টি বিদ্যালয়ে তিন হাজার ৩০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদ রয়েছে এক হাজার ৬২৭ জন। আর দুই হাজার ৪৩৮টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য রয়েছে ৭১৪টি। গ্রামাঞ্চলের কোনো কোনো প্রাথমিক বিদ্যালয়ে আটজনের বিপরীতে শিক্ষক রয়েছেন তিন বা চারজন। প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ছয়টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মিলে মোট পাঁচ হাজার ৭৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ রয়েছে ২৮ হাজার ১৩৬টি। বর্তমানে কর্মরত আছে ২৬ হাজার ৩২২ জন। বিভাগের সবচেয়ে বেশি শিক্ষকসংকট বরিশাল জেলায়। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার এক হাজার ৪৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে সাত হাজার ৬৪২টি। এর মধ্যে শূন্য ৬৩৩টি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় স্কুল পরিচালনায় সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সহকারী শিক্ষকের মধ্য থেকে পদোন্নতি দিয়ে তা পূরণ করা যেত, কিন্তু মামলা থাকায় তা সম্ভব হচ্ছে না। পিরোজপুরে ৯৪১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চার হাজার ৩৭৮টি পদের মধ্যে ৪৩৯টি শূন্য। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, জেলায় প্রধান শিক্ষকের ১২৮টি পদ শূন্য। কাঙ্ক্ষিতসংখ্যক শিক্ষক না থাকায় শিক্ষার মান ঠিক রাখা এবং তদারকি ব্যবস্থা জোরদার করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে শহরের চেয়ে গ্রামের স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। পটুয়াখালীতে শিক্ষকের এক হাজার ১০৪টি বিদ্যালয়ে পাঁচ হাজার ২৫৭টি পদের মধ্যে ৩৯১টি শূন্য। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, আমরা সবচেয়ে বেশি সমস্যায় রয়েছি প্রধান শিক্ষক না থাকায়। ঝালকাঠিতে ৫৭১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের দুই হাজার ১৫৪টি পদের মধ্যে শূন্য ২০৫টি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন, গ্রামের অনেক স্কুলে তিনজন শিক্ষকও নেই। ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী শিক্ষক না থাকায় পাঠদানে সমস্যা হচ্ছে। বরগুনায় ৭২৩টি প্রাথমিক বিদ্যালয়ে তিন হাজার ৬৬৮টি শিক্ষকের পদের মধ্যে ৩গ৭টি শূন্য। জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বলেন, পাঁচজনের কাজ তিনজন দিয়ে করানো সম্ভব নয়। ভোলায় ৯৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ চার হাজার ৭৩৭টি। এর মধ্যে শূন্য ৩৮৭টি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ হোসেন বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় সমস্যা সৃষ্টি হয়। এ ছাড়া শহরের স্কুলে পদ খালি হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের স্কুল থেকে শিক্ষক এনে পদ পূরণ করা হয়ে যায়। ফলে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা স্থায়ীভাবে থেকে যায়।