ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবে বরিশাল বিভাগের ছয় জেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ৩৫১ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক, ৫৯টি সেতু ও সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন এলজিইডির কর্মকর্তারা।
এলজিইডির সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এসব অবকাঠামো ও সড়ক মেরামত বা পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ১৯৬ কোটি ৬২ লাখ টাকার একটি চাহিদাপত্র প্রস্তাব আকারে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এলজিইডির বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এই প্রতিবেদন দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে পটুয়াখালীতে ১৩৬ দশমিক ৪৪ কিলোমিটার সড়ক ও চারটি সেতু, বরগুনায় ৪১ দশমিক ৮৬ কিলোমিটার সড়ক, ৪৮টি সেতু, বরিশালে ১৭ দশমিক ০৪ কিলোমিটার সড়ক, তিনটি ভবন, ভোলায় ১১৩ কিলোমিটার সড়ক, একটি সেতু, চারটি ভবন, পিরোজপুরে ২২ কিলোমিটার সড়ক, দুটি সেতু ও ঝালকাঠিতে ২১ দশমিক ১২ কিলোমিটার সড়ক ও চারটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের মধ্যে পাকা সড়কের পরিমাণই বেশি। ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি সড়কের ক্ষতি হয়েছে পটুয়াখালীতে। সবচেয়ে কম সড়কের ক্ষতি হয়েছে বরিশালে। আর সবচেয়ে বেশি সেতুর ক্ষতি হয়েছে বরগুনায়। এ জন্য বরগুনায় সর্বোচ্চ ১১৪ কোটি ৮৭ লাখ ও বরিশালে সর্বনিম্ন ৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে গত শুক্রবার জানতে চাইলে এলজিইডির বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, বরগুনার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ থাকায় ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে বেগ পেতে হচ্ছে। রোয়ানুর প্রভাবে এ জেলায় প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসে সড়ক-সেতুসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
জানতে চাইলে এলজিইডির বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘এটা আমাদের প্রাথমিক তালিকা। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি। এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো তা পেয়ে যাব। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।’