বরিশাল বিভাগে ৬৭ ভাগ চিকিৎসকের পদ শূন্য
বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শতকরা ৬৭ ভাগ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। বাকি ৩৩ ভাগ চিকিৎসকের অধিকাংশই থাকেন জেলা শহরে। এ কারণে উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পাচ্ছে না।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মোশতাক আল মেহেদী বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী চিকিৎসকের ৬৭ ভাগ পদ শূন্য আছে। তবে প্রেষণ এবং অন্যান্য কারণে এই হার আরও বেশি হবে। আমরা প্রেষণ বন্ধ করার সুপারিশ করেছি।’
কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চিকিৎসক পদায়ন হওয়ার পরই মহাপরিচালকের (ডিজি) কার্যালয়ের মাধ্যমে ঢাকা বা বড় বড় শহরে প্রেষণে চলে যান। আঞ্চলিক কার্যালয় ওই তথ্য জানতেও পারে না। কর্মস্থলে না থাকলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও আঞ্চলিক কার্যালয়ের নেই।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগে চিকিৎসকের মোট পদ এক হাজার পাঁচটি। এর মধ্যে ৬৭৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বরিশালে ১১৩, পটুয়াখালীতে ১৫১, ভোলায় ১৩৬, পিরোজপুরে ১১৮, বরগুনায় ১০৩ এবং ঝালকাঠী জেলায় ৫৪টি পদ শূন্য রয়েছে। বর্তমানে এ বিভাগে কর্মরত আছেন ৩৩০ জন চিকিৎসক। তবে এই হিসাব বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতাল বাদে।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলায় চিকিৎসকের ২২টি পদের বিপরীতে মাত্র চারজন কাজ করছেন। এর বাইরে ২০০৭ সালে দুজন চিকিৎসক এখানে যোগদান করার পর চলে যান। কোথায় এবং কেন গিয়েছেন তা তিনি জানেন না। হিজলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভংকর বাড়ৈ জানান, প্রায় পাঁচ বছর আগে চিকিৎসা কর্মকর্তা পদে দুজন এখানে যোগদান করেন। এর পরপরই তাঁরা চলে গেছেন আর ফেরেননি। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন।
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একরামুল কবির বলেন, এ উপজেলায় চিকিৎসকের পদ আছে ৩৯টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ছয়জন। এর বাইরে ২০০৮ সালে একজন এবং ২০১১ সাল থেকে আরও একজন চিকিৎসক অনুপস্থিত রয়েছেন।
ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাফর আলী খান বলেন, ‘এখানে তিনজন চিকিৎসক আছেন। আমাকে মাঠ পরিদর্শন, টিকা ক্যাম্পেইনসহ অন্যান্য কাজ করতে হচ্ছে। কাজেই চিকিৎসাসেবার জন্য সার্বক্ষণিক আছেন মাত্র দুজন।’ ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, এখানে ৩৫টি পদের বিপরীতে মাত্র ১০ জন চিকিৎসক আছেন। এর মধ্যে অবেদনবিদ না থাকায় স্ত্রীরোগ (গাইনি) বিভাগ বন্ধ রয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কৃষ্ণ বলেন, এ উপজেলায় ২১টি পদের বিপরীতে মাত্র তিনজন চিকিৎসক কাজ করছেন। এ ছাড়া প্রেষণে মামুন মোরশেদ ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আতিকুর রহমান পটুয়াখালী সদরে কর্মরত আছেন।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১৫টির পদের মধ্যে ১১টি শূন্য। নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বরিশাল বিভাগের ৪০টি উপজেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে বছরে ৯০ ভাগ চিকিৎসকের পদ শূন্য থাকে।