বরিশাল বিভাগের অধিকাংশ ফেরি নাজুক, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের বিভিন্ন সড়কের অধিকাংশ ফেরির অবস্থা নাজুক। ফাটল সৃষ্টি ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেরিগুলো দিয়ে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল ফেরি বিভাগের অধীনে ২৩টি ফেরি আছে। এর মধ্যে বরিশাল সড়ক বিভাগের অধীন বরিশাল-ভোলা সড়কের কীত্তনখোলা, বরিশাল-বাকেরগঞ্জ সড়কে ডোমা ও লক্ষ্মীপাশা, বরিশাল-নেহালগঞ্জ-বাউফল সড়কে নেহালগঞ্জ, বরিশাল-মেহেন্দীগঞ্জ-হিজলা সড়কে বেলতলা, বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে মীরগঞ্জ, বানারিপাড়া-বাইশারি সড়কে বানারিপাড়া ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।ঝালকাঠি সড়ক বিভাগের অধীন ঝালকাঠি-ষাটপাইকা-নলছিটি সড়কে ষাটপাইকা, কাঁঠালিয়া-বামনা সড়কে আমুয়া, পিরোজপুর সড়ক বিভাগে পিরোজপুর-বরিশাল সড়কে বেকুটিয়া, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে চরখালী, পিরোজপুর-জিয়ানগর সড়কে জিয়ানগর, পিরোজপুর-স্বরূপকাঠি সড়কে আমড়াজুরি এবং বরগুনা সড়ক বিভাগের অধীনে বরগুনা-পাথরঘাটা সড়কে বড়ইতলা, পটুয়াখালী-বরগুনা সড়কে আমতলী ফেরি চলাচল করে। এর মধ্যে বেকুটিয়া, চরখালী ও বড়ইতলা ফেরির অবস্থা খুব খারাপ।পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের চরখালী ফেরির চালক মাহাবুব জানান, ইঞ্জিনের কন্ট্রোল প্যানেলে ত্রুটি থাকায় অন্য পারে ভিড়তে গিয়ে ঝামেলায় পড়তে হয়। বলেশ্বর নদের এপার থেকে ওপার পর্যন্ত যে দূরত্ব, তা অতিক্রম করতে আট মিনিট লাগার কথা। কিন্তু ইঞ্জিনে ত্রুটি থাকায় নদ পার হতে প্রায়ই চার থেকে পাঁচ গুণ সময় লেগে যায়।সওজ পিরোজপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শামীম আহসান জানান, জেলার মধ্যে যে ফেরিগুলো চলাচল করছে, তার সব কটির অবস্থাই খারাপ। চরখালী ও বেকুটিয়া ফেরির নিচের অংশে ফাটল সৃষ্টি হয়েছে। এ ছাড়া ফেরির ডেক ও ছাদে ছিদ্র আছে।সওজ বরিশাল কার্যালয় সূত্রে আরও জানা গেছে, পটুয়াখালী সড়ক বিভাগের অধীন পটুয়াখালী-কুয়াকাটা সড়কে আটটি ফেরি রয়েছে। এগুলো হলো: বরিশাল-কুয়াকাটা সড়কের লেবুখালী, খেপুপাড়া, হাজীপুর ও মহিপুর ফেরি এবং পটুয়াখালী-বগা-কালাইয়া-দুমকি সড়কে বগা, পটুয়াখালী-আঙ্গারিয়া-গোমা সড়কে নলুয়া বাহের চর, পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কে পায়রাকুঞ্জ ও পটুয়াখালী-গলাচিপা সড়কে গলাচিপা ফেরি। এগুলোর মধ্যে বেশির ভাগ অনেক পুরাতন।ফেরি বিভাগ বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, এ অঞ্চলের বিভিন্ন সড়কের ফেরিগুলোর অবস্থা খুব খারাপ।ফেরি বিভাগ বরিশাল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (বরগুনা ও পটুয়াখালীর দায়িত্বে) মো. মোয়াজ্জেম হোসেন জানান, অবস্থা নাজুক হওয়ার পরও ফেরিগুলোয় অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ওঠে। এ কারণে এগুলোর অবস্থা আরও খারাপ হয়।ফেরি নির্মাণ বিভাগ ঢাকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, সারা দেশে নতুন ফেরি নির্মাণের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটি অনুমোদন হওয়ার পর নতুন ফেরি নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।