বরিশাল বিমানবন্দর বন্ধ ৪০ মাস
বিমান ওঠানামার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশাল বিমানবন্দরের কার্যক্রম ৪০ মাস ধরে কার্যত বন্ধ রয়েছে। যাত্রীবাহী বিমান ওঠানামা না করায় বিমানবন্দরের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী একরকম অলস সময় কাটাচ্ছেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ৪০ কোটি টাকা ব্যয়ে বরিশাল নগরের রহমতপুর এলাকায় ১৬৩ একর জমির ওপর বরিশাল বিমানবন্দর নির্মাণ করা হয়। এখানে ছয় হাজার ফুট দীর্ঘ এবং ১০০ ফুট চওড়া রানওয়ে, আধুনিক টাওয়ার, ভবন, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা রাখা হয়। প্রতিষ্ঠার ১০ বছর পর ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর বিমানবন্দরটি উদ্বোধন করা হয়। ১৯৯৫ সালে ঢাকা-বরিশাল পথে বেসরকারি বিমান অ্যারো বেঙ্গল চলাচলের মধ্য দিয়ে এই বিমানবন্দরের যাত্রা শুরু হয়। ২০০৯ সাল পর্যন্ত বেসরকারি বিমান পারাবত, জিএমজি ও ইউনাইটেড এয়ারলাইনস এই বিমানবন্দর দিয়ে যাত্রী পরিবহন করে। ওই সময় সপ্তাহে দুই দিন এই পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটও চালু ছিল। ২০০৯ সালের মে মাসে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এই পথে বিমান চলাচল বন্ধ করে দেয়। এর পর ছয় মাসের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই পথে তাদের বিমান চলাচল বন্ধ করে দেয়।সূত্র জানায়, ১৯৯৫ থেকে ২০০৯ সালে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হওয়ার আগ পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ৩৬৪ জন যাত্রী এই বন্দর দিয়ে যাতায়াত করেছে। ২০০০ সালের পর থেকে মাঝেমধ্যে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। আন্দোলনের পর আবার চালু হলেও ২০০৯ সালে বাংলাদেশ বিমানের ফ্লাইট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি কার্যালয় ছিল। সেটিও তখন এখান থেকে গুটিয়ে নেওয়া হয়। অথচ এই বিমানবন্দর ব্যবহার করে বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ত্রাণ দক্ষিণাঞ্চলে পৌঁছে দেওয়া হয়।বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী বলেন, বরিশাল বিমানবন্দরে বাণিজ্যিকভাবে বিমান ওঠানামা বন্ধ হলেও প্রশিক্ষণ ও বিমানবাহিনীর বিমান আসা-যাওয়া করে। বাণিজ্যিক বিমান চলাচলের সব ব্যবস্থা এখানে আছে। এমনকি আন্তর্জাতিক মানের ছোট ও মাঝারি বিমান এই বিমানবন্দরে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারে।বরিশাল শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এবায়দুল হক জানান, সব ধরনের সুবিধা থাকার পরও বরিশাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানে ঢাকা থেকে বরিশাল আসতে ২৮ মিনিট লাগে। সেখানে আট ঘণ্টা সময় নষ্ট করে এখানে অনেকে আসতে চান না। বিমান চলাচল না করায় অনেক বহুজাতিক প্রতিষ্ঠান বরিশালে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না।বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, শিল্প ও অর্থনীতিতে বরিশাল পিছিয়ে। এখানে রেললাইন নেই। বিমানবন্দর থাকলেও এর কার্যক্রম বন্ধ। এটি চালু হলে বিনিয়োগকারীরা দক্ষিণাঞ্চলে আসতে আগ্রহী হবেন। পর্যটনকেন্দ্র কুয়াকাটা আরও উন্নত হবে।