বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস সাত দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক এস এম ইমামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি কবে যোগদান করবেন, তা জানা যায়নি।
গত সোমবার রাত সোয়া নয়টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাক্ষরিত চিঠি ফ্যাক্সযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।
নাম প্রকাশ না করার শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সোমবার রাতে একটি ফ্যাক্সবার্তা এসেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম ইমামুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশিদ মেয়াদ শেষ হওয়ার পর থেকে এক মাসের বেশি সময় ধরে উপাচার্যের পদটি শূন্য ছিল। ফলে শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ, পরীক্ষা নেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। নতুন উপাচার্য যোগদান করলে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় নতুন উপাচার্য যোগদান করতে পারছেন না।