বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাওদা
সাওদা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্রী গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে রাজি না থাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয় বলে সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে।জানা গেছে, ওই ছাত্রের নাম মো. রাসেল মাতুব্বর। তিনি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহত ছাত্রীর নাম সাওদা। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। দুজনের গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।সহপাঠী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল মাতুব্বরের সঙ্গে সাওদার প্রেমের সম্পর্ক ছিল। পরে কলহ হলে দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে প্রায় এক মাস আগে সাওদাকে মারধর করেন রাসেল। পরে ছাত্র ও শিক্ষকেরা বসে বিষয়টি মীমাংসা করে দেন। গতকাল সাওদার মিড টার্ম পরীক্ষা ছিল। সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে যাওয়ার পথে ব্রাউন কম্পাউন্ড সড়কে রাসেল অতর্কিতে সাওদার ওপর চড়াও হন। তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় সাওদাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মোনজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাওদার মাথায় ধারালো অস্ত্রের দুটি কোপ রয়েছে। কোপ দুটি দেখতে গুণ চিহ্নের মতো। হাড় ভেদ করে মস্তিষ্কে গিয়ে ঠেকেছে। অনেক রক্তক্ষরণে চোখ স্থির হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।জানা গেছে, উপজেলার হাতেমপুর গ্রামের শিক্ষক আবদুর রাজ্জাকের মেয়ে সাওদা। পাশের গ্রামের কেরামতপুর গ্রামের হারুন মাতুব্বরের ছেলে রাসেল। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাওদার চাচাতো ভাই মাহমুদুল হাসান অভিযোগ করেন, কলেজজীবন থেকেই সাওদাকে উত্ত্যক্ত করতেন রাসেল। এমনকি সাওদার বাড়িতে গিয়েও তাঁর পরিবারকে হুমকি-ধমকি দিতেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ক্যাম্পাসেও বেশ কয়েকবার সাওদাকে মারধর করেন রাসেল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর স্থান নেই। ঘটনাটি তদন্ত করতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। রাসেলের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।সহকারী রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন বলেন, দুজনের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি জানার পর গত ঈদুল আজহার আগে তাঁদের অভিভাবকদের ডেকে এনে সতর্ক করা হয়েছিল। একই সঙ্গে সাওদার পরিবারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাঁরা জিডির কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেননি।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা শিক্ষার্থী রাসেলকে গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।