বরিশাল বিশ্ববিদ্যালয় নিরাপত্তায় পুলিশের ক্যাম্প স্থাপন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ ও উপাচার্যের উদ্যোগে ওই ক্যাম্প স্থাপন করা হয়। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে মেট্রোপলিটন পুলিশ।
গতকাল বুধবার বেলা ১১টায় নতুন পুলিশ ক্যাম্প ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এস এম ইমামুল হক বলেন, ছয় বছর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়নি। ফলে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ছিল। বিভিন্ন সময় ক্যাম্পাসে সংঘটিত সমস্যা সমাধানে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নিতে হতো। স্থায়ী ক্যাম্প প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও ক্যাম্পাসের নিরাপত্তাজনিত সমস্যার সমাধান হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম মাহবুব হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন হাসিনুর রহমান প্রমুখ।