বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় পরিচালনায় ২৫টি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থী ভর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান অনুসরণ, শিক্ষক ও জনবল নিয়োগ, সূচনালগ্নের ৪০০ শিক্ষার্থীর সবাইকে বৃত্তি প্রদানসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত শুক্রবার গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ শিক্ষার্থীর পরিবর্তে ভর্তি করা হবে ৪০০ জন শিক্ষার্থী। তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মান যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ২৪ জন শিক্ষকসহ ৭৫ জন জনবল নিয়োগের জন্য খুব শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ২৫টি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জন্য মনোগ্রাম ও পতাকা নির্ধারণের বিজ্ঞাপন দেওয়া হবে।