বরিশাল বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন
কর্মচারী নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গতকাল সোমবারের এ আন্দোলনে নেতৃত্ব দেয় ছাত্রলীগ।
আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম ফিরোজুল ইসলাম বলেন, নিয়োগপ্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক মুক্তিযোদ্ধা ও তাঁদের সপক্ষের শক্তিকে অপমান করেছেন। তাঁরা ওই নিয়োগপ্রক্রিয়া বাতিল এবং মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের মাধ্যমে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরুর দাবি জানান। একই সঙ্গে আন্দোলনকারীরা উপাচার্যকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে তাঁর অপসারণ দাবি করেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে ফিরোজুল বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের অনুসারী হিসেবে পরিচিত।
আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনের ফটকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে তালা ঝুলিয়ে দেন। একই সময় বিশ্ববিদ্যালয়ের অপর দুটি ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন।
প্রক্টর মো. শফিউল আলম বলেন, আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যেতে বাধা দেন। তবে শিক্ষক ও কর্মকর্তাদের যেতে বাধা দেননি। সকাল ১০টার দিকে শিক্ষকেরা একাডেমিক ভবনে প্রবেশ করতে গেলে তাঁরা তালা খুলে দেন।
যে নিয়োগ পরীক্ষা নিয়ে সমস্যার সূত্রপাত, সেটির বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ৪১ জন কর্মচারী নিয়োগ করা হবে। এরই মধ্যে আবেদনকারীদের লিখিত পরীক্ষাও নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামুল হক বলেন, আন্দোলনকারীদের অভিযোগ সঠিক নয়। মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করেই কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছেন তাঁরা।
শিক্ষক সমিতির সভাপতিকে হুমকি
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম এ কাইউমকে এ আন্দোলনের পক্ষে বিবৃতি দিতে মহানগর আওয়ামী লীগের একজন নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কাইউমকে গত রোববার রাত পৌনে ১২টার দিকে ওই নেতার বাসায় ডেকে নেওয়া হয়। রাত দুইটা পর্যন্ত আটকে রাখা হয়।