বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে এবং অনলাইনেই ভর্তি ফরম জমা দেওয়া যাবে। প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ও ৩ ডিসেম্বর।গত রোববার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ভর্তি কমিটির সভা শেষে ওই তথ্য জানানো হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। সর্বমোট ২০০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২০ নম্বর লিখিত ও মৌখিক। বাকি ৮০ নম্বর এসএসসি ও এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের ভিত্তিতে নেওয়া হবে।ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৬.৫, বিজ্ঞান বিভাগে ৭.৫ এবং বাণিজ্য বিভাগে ৭ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ-৩-এর নিচে পেয়ে থাকলে তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করা হবে। ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ফরম বাছাই শেষে আগামী ২ ও ৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নগরের চারটি সরকারি কলেজ এবং প্রয়োজন হলে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে ২৪ জন শিক্ষক নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ওই প্রক্রিয়ায় ছয়জন শিক্ষক নিয়োগ করা হয়েছে, যাদের সিনেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ-প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।সিন্ডিকেট ও ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন সহিদ আক্তার হুসাইন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক মমতাজউদ্দিন আহম্মেদ, কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এস মাহমুদ, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সিরাজউদ্দিন আহম্মেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ, বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনীম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননীগোপাল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত প্রমুখ।এদিকে গতকাল বেলা ১১টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।