বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে আন্দোলনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি বাস্তবায়ন কমিটি। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু না করা হলে কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে নামারও হুমকি দিয়েছে ওই কমিটি। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ মো. হানিফ লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে বলেন, আগে বর্তমান শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরু করা হোক। কয়েক বছর ধরে ২৭ হাজার বর্গফুটের একটি এবং ছয় হাজার বর্গফুটের অন্য একটি সরকারি ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব। এই শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি আন্দোলন জোরদার করার লক্ষ্যে সংবাদ সম্মেলন থেকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ আগস্ট বরিশাল নগরের অশ্বিনী কুমার হল থেকে বরিশালের সব কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং সর্বস্তরের নাগরিকদের নিয়ে শোভাযাত্রা। ২২ থেকে ২৭ আগস্ট জেলার বিভিন্ন শ্রেণী-পেশা ও সংগঠনের সঙ্গে মতবিনিময়। ২৮-২৯ আগস্ট বরিশাল বিভাগের সাংসদদের নিয়ে ঢাকায় সভা। ৪ সেপ্টেম্বর সকালে ১০ মিনিটের জন্য সব কার্যক্রম বন্ধ রেখে রাস্তায় অবস্থান কর্মসূচি। ৫ থেকে ৭ সেপ্টেম্বর বরিশাল বিভাগের ছয় জেলা সদরে এবং সব উপজেলায় সভা, সমাবেশ। ১৮ সেপ্টেম্বর নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১৫ মিনিটের মানববন্ধন কর্মসূচি এবং ১৯ সেপ্টেম্বর বরিশালে শিক্ষামন্ত্রীর সফরের যেকোনো সময় দাবি বাস্তবায়ন ও বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করার অঙ্গীকার আদায়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক।সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক, বরিশাল ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।