বরিশাল বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ভর্তুকি দেয় সরকার। সরকার যাঁদের জন্য ভর্তুকি দেয়, তাঁদের কাছ থেকে অনেক কিছু আশাও করে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হতে হবে। আগামী দিনে তাঁদের দেশের নেতৃত্ব দিতে হবে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে (ওরিয়েন্টেশন) প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন।
আবদুল মান্নান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পার্থক্য হলো, তারা (বেসরকারি বিশ্ববিদ্যালয়) কোনো ভর্তুকি পায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সেমিস্টার ফি দেন, তার চেয়ে অনেক বেশি তাঁদের পেছনে ব্যয় হয়। তাই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মতো এত তরুণ প্রজন্ম খুব কম দেশেই আছে। এই তরুণেরাই পারবেন বিশ্বকে পরিবর্তন করতে। ১৯৭১ সালে এই তরুণেরাই যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। সেই তরুণদের উত্তরসূরি হিসেবে যারা আজকের প্রজন্ম, তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, জঙ্গিবাদ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। জঙ্গিবাদকে রুখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এখন বিশ্বদরবারে একটি রোল মডেল। কাজেই এই ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক, ট্রেজারার অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মু. মোহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন হাসিনুর রহমান প্রমুখ।