বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-কার্যক্রম শুরুর দাবিতে মানবপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম শুরুর দাবিতে গতকাল শনিবার মানববন্ধনের মাধ্যমে মানবপ্রাচীর রচনা করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন কমিটি। সকাল ১০টা থেকে ৩০ মিনিটের ওই কর্মসূচিতে নগরের সব স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।ঘড়ির কাঁটায় ঠিক ১০টা বাজার সঙ্গে সঙ্গে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় মানবপ্রাচীরে। ৩০ মিনিটের জন্য বরিশাল সদর রোড, হাসপাতাল রোড, কলেজ রোড, সিঅ্যান্ডবি রোড, নথুল্লাবাদ, গড়িয়ারপাড়, রূপাতলী, হেমায়েতউদ্দিন রোড, আলেকান্দা, কাউনিয়া, আমানতগঞ্জ, কালীবাড়ী রোড, বগুড়া রোড, ফজলুল হক এভিনিউসহ বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত ৪৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওই মানবপ্রাচীর রচনা করে।সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন কমিটি নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ মো. হানিফ বলেন, ২৯ সেপ্টেম্বর বরিশালের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পেশাজীবী সংগঠন, রাজনীতিক ও সাংবাদিকদের সমন্বয়ে সুধী সমাবেশ আহ্বান করা হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষকে আরও সম্পৃক্ত করতে বিভাগের সব সাংসদ ও বরিশালের সিটি মেয়রের সঙ্গে বৈঠক করা হবে। পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচি ঘোষাণারও হুঁশিয়ারি দেওয়া হয়। দাবি না মানলে ভবিষ্যতে সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করারও কর্মসূচি রয়েছে বলে জানান তাঁরা।