বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীর পরীক্ষা শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া চূড়ান্ত পর্বের (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা সশরীর নেওয়া শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটায় স্বাস্থ্যবিধি মেনে দুটি বিভাগের পরীক্ষা হয়। পরিস্থিতি অনুকূলে থাকলে করোনার কারণে স্থগিত হওয়া সব বিভাগের সেমিস্টার পরীক্ষা এভাবে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ১৫ জুন থেকে অনলাইনে মিডটার্ম পরীক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, আজ বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং গণিত বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়। পরীক্ষার হলগুলোতে প্রত্যেক শিক্ষার্থীর আসন নির্দিষ্ট দূরত্বে রাখাসহ স্বাস্থ্যবিধি পালনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কোনো শিক্ষার্থী যদি অসুস্থ বোধ করেন, তাহলে তাঁর জন্য আইসোলেশন সেন্টারে (আলাদা কক্ষে) পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার পরে যেসব বিভাগে সেমিস্টার পরীক্ষা স্থগিত হয়েছিল, এখন সেগুলো নেওয়া শুরু হয়েছে। সরকারিভাবে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এভাবে পরীক্ষা গ্রহণ চলমান থাকবে। এ ছাড়া ১৫ জুন থেকে অনলাইন প্ল্যাটফর্ম জুমে মিডটার্ম পরীক্ষা চলছে।
করোনা সংক্রমণ এড়াতে গত বছরের মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছরের নভেম্বর থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়।
এর আগে চলতি বছরের শুরুতে সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হলেও সরকারি নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়। এরপর জুনের প্রথম সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা শেষে অনলাইনে মিডটার্ম ও সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।