বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যায় ছাত্রের ফাঁসি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যার দায়ে একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র মো. রাসেল মাতুব্বরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
রায়ে সন্তুষ্ট সাওদার বাবা মো. আব্দুর রাজ্জাক। সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। এখন রায় কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’
রায় দ্রুত কার্যকরের দাবি জানান জানান নিহত ছাত্রীর বাবা।
রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন ও আসামির বাবা হারুন মাতুব্বর বলেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
২০১৩ সালে সাওদা হত্যাকাণ্ড ঘটে। ওই সময় সাওদা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। রাসেল ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. গিয়াস উদ্দিন জানান, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সাওদাকে কুপিয়ে জখম করেন রাসেল। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাওদা। এ ঘটনায় নিহত ছাত্রীর মা শাহিদা বেগম বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় রাসেলকে আসামি করা হয়। ঘটনার এক সপ্তাহ পর রাসেলকে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, মামলাটি তদন্ত করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ এপ্রিল আসামি রাসেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তিনি। ২৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেন আদালত।