বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে গতকাল সোমবার সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রেজিস্ট্রারের কক্ষ ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের আকিব জাবেদ খান ও আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের রেজা শরীফ ও এনামুল মনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিঠুন দে এবং অর্থনীতি বিভাগের সাঈদুর রহমান।
বর্ধিত সেশন ফি কমানোসহ ১৩ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ৫ জুন রেজিস্ট্রারের কক্ষে ভাঙচুর এবং সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ঢাকা লিয়াজোঁ কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যায় ছয় শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘রেজিস্ট্রারের কক্ষে হামলা-ভাঙচুর এবং মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’