বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রি শুরু আজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরম বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম আজ শুক্রবার শুরু হবে। সকাল ১০টায় ঢাকার কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।উদ্বোধনের পর থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাবেন। অনলাইনে ভর্তির ফরম পেতে শিক্ষার্থীদের www.barisaluniv.edu.bd লগঅন করতে হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ ২৩ সেপ্টেম্বর থেকে ভর্তির ফরম বিতরণ শুরু হবে। ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রথম ব্যাচে মেধার ভিত্তিতে ৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। ২০১২ সালের জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে।৪ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ১২০ নম্বরের পরীক্ষা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে (এমসিকিউ) নেওয়া হবে, বাকি ৮০ নম্বর এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ওপর নির্ধারণ করা হবে। ভর্তির ফরমের দাম ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের যেকোনো নম্বর থেকে ফ্লেক্সিলোডের মাধ্যমে এ টাকা পরিশোধ করা যাবে। এ জন্য অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। আবেদন করার নির্দেশিকা অনলাইনে বিস্তারিত পাওয়া যাবে।মানবিক বিভাগে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ ৬.৫, বিজ্ঞান বিভাগের ৭.৫ এবং বাণিজ্য বিভাগের জন্য জিপিএ-৭ পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ-৩-এর নিচে পেলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।উপাচার্য হারুনর রশীদ খান বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে আজ ভর্তির ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।