বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু নিয়ে টালবাহানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আট শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্লাস চালানোর মতো একটি তিনতলা ভবন, ছাত্রাবাস, আসবাবসহ প্রয়োজনীয় সরঞ্জাম থাকার পরও অনুমতি না থাকায় বিশ্ববিদ্যালয়ে বর্তমান সেশনে ছাত্র ভর্তি করা সম্ভব হচ্ছে না।বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগির চালু করার দাবিতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গত সোমবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিগগির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু না হলে তাঁরা আন্দোলনের হুমকি দিয়েছেন। বরিশালের বেশ কয়েকজন শিক্ষাবিদ ও নাগরিক অভিযোগ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে টালবাহানা শুরু করেছে কর্তৃপক্ষ। সব ব্যবস্থা অনুকূলে থাকার পরও শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বরিশালে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন চলছে। এ বছরের শুরুর দিকে শিক্ষামন্ত্রী বরিশালে এসে বিশ্ববিদ্যালয়ের জন্য সদরের কর্ণকাটি এলাকায় স্থান নির্বাচন করেন। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রকল্প পরিচালকও নিয়োগ করা হয়। গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এক মতবিনিময় সভায় ঘোষণা করেন, নগরের জিলা স্কুলের একটি তিনতলা ভবনে এ সেশন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে।একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের নামেও চলছে ঢিলেঢালা ভাব। এ গতিতে কাজ চললে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ করে শিক্ষা কার্যক্রম শুরু হতে আরও দু-তিন বছর লেগে যাবে।শিক্ষাবিদ মো. হানিফ অভিযোগ করে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে বিগত সরকারগুলো টালবাহানা করলেও এ বছর ভেবেছিলাম কার্যক্রম শুরু হবে। এখন দেখছি তার কোনো লক্ষণ নেই। এই সেশন থেকেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হোক এই দাবিতে আন্দোলনে নেমেছি।’বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার জন্য স্থাপনা ও পারিপার্শ্বিক কোনো সমস্যা নেই। এই মুহূর্তে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু করা হোক।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হারুন অর রশীদ বলেন, ‘ভূমি অধিগ্রহণ শেষে স্থাপনা নির্মাণ করে ক্লাস শুরু করতে অনেক দেরি হয়ে যাবে। আমার ইচ্ছা থাকলেও কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ের ফাইলটি মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দিলেই কাজ শুরু করব। এই সেশন থেকেই শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারে আমি এখনো আশাবাদী। অনুমতি পেলে দুই মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব।’সোমবারের ওই মানববন্ধন কর্মসূচিতে বরিশালের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।