বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেন। পরে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের রূপাতলী বাসস্ট্যান্ডে ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বাসশ্রমিকেরা। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠা নিয়ে প্রায়ই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের অপ্রীতিকর ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বাসে উঠতে বাধা দেওয়া হয়। গতকাল দুপুর ১২টার দিকে তিন ছাত্রী বাসে উঠে বিশ্ববিদ্যালয়ে যেতে চান। তখন তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বাসশ্রমিকেরা। একপর্যায়ে তিন শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেন। একপর্যায়ে মালিক সমিতির পক্ষ থেকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ও র্যা বের সদস্যরা উপস্থিত হন। তাঁরা মালিক সমিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠক করে বিষয়টির সমাধান করেন।
জানতে চাইলে রূপাতলী মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মমিন উদ্দিন বলেন, ছাত্রীদের বাসে ওঠা নিয়ে একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারী স্টাফদের (শ্রমিক) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, অবরোধ তুলে নেওয়ার পরপরই বাস চলাচল স্বাভাবিক হয়।